চট্টগ্রামের চকবাজারের কাপাসাগোলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে উন্মুক্ত খালে পড়ে ছয় মাসের শিশু সেহেরিশের মৃত্যুর ঘটনায় দুই সরকারি সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) গাফিলতি খুঁজছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় দুদকের একটি টিম প্রথমে সিডিএ ভবনে এবং পরে নগর ভবনে চসিকের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পরিদর্শনে আসা ওই টিম সংস্থা দুটির দপ্তরে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে।
দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, ‘সম্প্রতি খালে (নালায়) পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। চসিক ও সিডিএর এক্ষেত্রে কোনো দায় আছে কি না, আমরা সেটি যাচাই করছি। আমরা সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। জলাবদ্ধতা নিরসনের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট আরও যারা আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। সিডিএর কাজের আওতায় ৩৬টি খাল আছে। ইতোমধ্যে ১৯টি খালের কাজ তারা সমাপ্ত করেছেন।’
তিনি আরও বলেন, ‘হিজড়া খালে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে সিডিএ মাত্র কাজ শুরু করেছে। কাজ এখনো চলমান আছে। কাজ সম্পন্ন হওয়া খালগুলোতে সিডিএ রেলিং দিয়েছেন বলে জানিয়েছে। আমরা সরেজমিনে গিয়ে সেটা দেখব। যেখানে দুর্ঘটনাটা ঘটেছে, সেখানেও আমরা যাব। আমাদের হাতে আসা প্রকল্পের নকশা অনুসারে সেখানে রেলিং থাকার কথা। কিন্তু তারা কতটুকু কাজ করেছে, সেটা সরেজমিনে গিয়ে দেখব। এ সময় শিশু মৃত্যুর ঘটনায় সিডিএ কেন তদন্ত কমিটি গঠন করেনি, সেটা খতিয়ে দেখা হবে।’
এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ‘দুদকের নিয়মিত কাজ হিসেবে তারা বিভিন্ন দপ্তরে তথ্য সংগ্রহ করেন। সেই হিসেবে দুদকের একটি টিম এখানে এসে জলাবদ্ধতা প্রকল্পের কিছু তথ্য আমাদের কাছে চান। আমাদের প্রকল্প পরিচালক তাদের সবকিছু জানিয়েছেন।’
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘দুদক কর্মকর্তারা এসেছিলেন। খালে পড়ে শিশুর মৃত্যুর বিষয়ে কথা হয়েছে। হিজড়া খাল আমরা সিডিএর কাছে হস্তান্তর করেছি। তার আগে সেখানে আমাদের রেলিং ছিল। সিডিএ কাজ করতে গিয়ে সেগুলো সরিয়ে ফেলেছে। এসব বিষয় আমরা দুদককে স্পষ্ট করেছি।’
গত ১৮ এপ্রিল সন্ধ্যায় নগরীর চকবাজারের কাপাসগোলায় হিজড়া খালে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে পড়ে যায়। এ ঘটনায় মায়ের কোলে থাকা ছয় মাস বয়সী শিশু সেহেরিশর মৃত্যু হয়। ঘটনায় চসিকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া নগরে সিএমপির অটোরিকশা জব্দ অভিযান চলে।