ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অনশন করছেন কলেজছাত্রী প্রেমিকা।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন তিনি।
এর আগে গত রবিবার সকাল থেকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে প্রেমিক রাজু আহম্মেদের (২০) বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা। আর প্রেমিকা আসার পর বাড়ি থেকে পালিয়েছেন রাজু।
জানা যায়, এক বছর আগে ফেসবুকে পরিচয় হয় তাদের। পরে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই ছাত্রীর (প্রেমিকা) সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা করেন রাজু। একপর্যায়ে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা বলে দাবি করেন। কিন্তু রাজু আহম্মেদ ও তার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় অনশন শুরু করেন প্রেমিকা।
মেয়েটি বলেন, ‘আমার সাথে রাজুর অনেক দিনের সম্পর্ক। সে আমাকে অনেক কিছু করেছে। আমি ওকে ছাড়া বাঁচব না। তাই রাজুকে আমি চাই। রাজু আমাকে বিয়ে না করলে আমি এখানেই থাকব।’
এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য কতিপয় ব্যক্তিরা চেষ্টা করছেন বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রেমিকের পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা।
ওই ওয়ার্ডের এক ইউপি সদস্য জানান, মেয়েটি আসার পর বিয়ে করতে রাজি না হয়ে রাজু পালিয়েছেন। বর্তমানে মেয়েটি রাজুদের বাড়িতেই রয়েছেন।
হরিণাকুন্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, শুনেছি কয়েকদিন আগে হরিশপুর গ্রামে রাজু আহম্মেদের বাড়িতে একটি মেয়ে অবস্থান করছেন। মেয়ের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান খবরের কাগজকে বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে অভিযোগ বা মামলা করতে বলা হয়েছে। এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাহফুজুর রহমান/অমিয়/