রাজশাহীতে অ্যাম্বুলেন্সে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় গোলাম সারোয়ার জাহান (২৫) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৯ মে) ভোরে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ছয় কেজি গাঁজা, ২০ কেজি ধান, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড ও একটি বস্তা জব্দ করা হয়।
গ্রেপ্তার গোলাম সারোয়ার জাহান চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৫এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫এর একটি দল শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে অ্যাম্বুলেন্সে গাঁজা নিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে গোলাম সারোয়ার জাহানকে গ্রেপ্তার ও ছয় কেজি গাঁজা জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- গ্রেপ্তার আসামি পেশায় রাজমিস্ত্রি। নিজের পেশার আড়ালে ঢাকা থেকে গাঁজা সংগ্রহ ও বহন করছিলেন। তার বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।
এনায়েত/রিফাত/