নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না। সুযোগও নেই।
সোমবার (১৯ মে) বেলা ১১টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে 'ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না এমন প্রশ্নে ইসি বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। তবে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
নির্বাচন কমিশন আয়োজিত এ কর্মশালায় বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।
এনায়েত/সিফাত/