স্মার্ট কার্ড ছাড়াই চট্টগ্রাম মহানগরীতে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিয়মানুযায়ী নগরীর ২০টি স্পটে ‘ট্রাকসেলে’ পণ্য বিক্রি করছে সংস্থাটি। পণ্য বিক্রি কার্যক্রম চলবে ৩ জুন পর্যন্ত।
নগরীতে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হওয়ার কথা। নিয়ম অনুযায়ী, টিসিবি প্রতিটি ওয়ার্ডের সচিবের কাছে পণ্য বুঝিয়ে দেবে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা নিজ নিজ ওয়ার্ড থেকে পণ্য সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে ট্রাকসেলে পণ্য বিক্রি বন্ধ হয়ে যেত। বর্তমানে উপজেলা পর্যায়ে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি হচ্ছে। কিন্তু স্মার্ট ফ্যামিলি কার্ড অ্যাকটিভ না হওয়ায় নগরীতে উন্মুক্ত ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করতে হয়েছে সংস্থাটিকে।
জানা গেছে, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (২২ মে) থেকে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু হয়েছে। নগরের প্রতিটি ওয়ার্ডে দুটি করে ট্রাক দেওয়া হচ্ছে। প্রতিটি ট্রাকে ৪০০ জনের পণ্য দেওয়া হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, দুই লিটার করে তেল ও এক কেজি চিনি কিনতে পারবেন।
তবে টিসিবিতেও বেড়েছে পণ্যের দাম। প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা, সয়াবিন তেলে ৩৫ টাকা ও চিনির কেজিতে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতিটি ট্রাকে প্রতি কেজি মসুর ডাল ৮০ টাকা, সয়াবিন তেল ১৩৫ টাকা ও চিনি ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
এ বিষয়ে টিসিবির চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আব্দুল কুদ্দুছ খবরের কাগজকে বলেন, অ্যাকটিভ না হওয়ায় নগরীতে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি সম্ভব হচ্ছে না। তাই আমরা নগরের ৪১ ওয়ার্ডকে ভাগ করে প্রতিদিন ২০টি পয়েন্টে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করছি। আমাদের ট্রাকসেল সবার জন্য উন্মুক্ত। যে কেউ ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে পারবেন। পাশাপাশি উপজেলা পর্যায়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড চালু আছে। উপজেলায় ১ লাখ ১১ হাজার টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী গ্রাহক ন্যায্যমূল্যে পণ্য পাচ্ছেন।