যশোরে রেজা ডাবলু (৪০) নামে এক ইজিবাইক চালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা তার পা থেকে মাথা পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে।
রবিবার (২৫ মে) সকালে সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার ব্র্যাক অফিসের সামনে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সেলিম রেজা ডাবলু যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আমজাদ হোসেন বিশ্বাসের ছেলে।
নিহতের ছোট ভাই শাহীন বলেন, প্রতিদিনের মতো শনিবার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন ডাবলু। পরে রবিবার সকালে তার চাচা ফোন দিয়ে জানান, বড় ভাই মারা গেছেন। খবর পেয়ে স্বজনদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আগে থেকেই পুলিশ উপস্থিত ছিল। পরে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
তিনি আরও বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্য হলে ছিনতাইকারীরা দুই-চারটি চাকু মেরে ইজিবাইক নিয়ে যাবে। কিন্তু দুর্বৃত্তরা সেটি না করে মাথায়, বুকে, পেটে, দুই পায়ে এবং পিঠে একাধিক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, পুলিশ একটি মরদেহ জরুরি বিভাগে নিয়ে আসে। অফিশিয়াল কাজ সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দুর্বৃত্তরা তাকে মাথা থেকে পা পর্যন্ত কুপিয়েছে। পেটের ভুঁড়ি পর্যন্ত বেরিয়ে এসেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ডাবলুর ইজিবাইক নিয়ে গেলেও মোবাইল রেখে গেছে। হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকে কাজ করছে পুলিশ।
তুহিন/রিফাত/মেহেদী/