গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়ায় বাংলাদেশ রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ মে) ইউনিয়নের ঠেঙ্গারবান্দা এলাকায় রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই পুলিশ কর্মকর্তার বাবা-মাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাত দল।
ওই পুলিশ কর্মকর্তার বাবা নাজমুল আলম জানান, শুক্রবার ভোররাতে ছয় থেকে সাতজনের ডাকাত দল তিনতলা বাড়ির নিচ তলার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও চার লাখ টাকা নিয়ে যায় ডাকাত দল। পরে ডাকাত দল চলে গেলে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে কালিয়াকৈর থানা পুলিশ।
নাজমুল আলমের অপর মেয়ে অজান্তা আলম জানান, তিনতলা পুরো বাড়িতে বাবা-মা একাই থাকেন। বাবার কাছে কোরবানির পশু কেনার জন্য টাকা ছিল। এ ছাড়াও স্থানীয় মসজিদ ও কবরস্থান উন্নয়নের টাকা এবং আমার এক বোনের বিয়ের ও মায়ের গয়না ছিল।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পলাশ প্রধান/সুমন