সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউজ বোটে আগুন লেগে পুড়ে গেছে। তবে পুরো বোটে আগুন ছড়িয়ে পড়ার আগেই পর্যটকদের উদ্ধার করায় তাদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩০ মে) রাত আটটার দিকে হাওরের উত্তরপাড়ের শহীদ সিরাজ লেক এলাকার পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘রাহবার’ নামে একটি হাউজ বোট শুক্রবার সকালে তাহিরপুর উপজেলা সদর থেকে পর্যটকদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে যায়। দিনে হাওরের পর্যবেক্ষণ টাওয়ার এলাকায় পর্যটকদের নিয়ে ঘোরাঘুরির পর বোটটি সন্ধ্যায় রাত যাপনের জন্য হাওরের উত্তরপাড়ের শহীদ সিরাজ লেক এলাকায় যায়। সেখানে অন্য বোটগুলোর সঙ্গে এটিও ছিল। বোটটি তীরের কাছাকাছি পৌঁছার সময় রাত আটটার দিকে হঠাৎ করেই ওই বোটে আগুন দেখতে পান আশপাশের লোকজন। তখন পাশে থাকা অন্য একটি হাউজ বোট সেখানে গিয়ে আগুন লাগা বোটে থাকা ১২জন পর্যটককে উদ্ধার করে। এর পর পুরো বোটে আগুন ছড়িয়ে পড়ে বোটটি পুড়ে যায়।
তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি গোলাম রব্বানী জানান, ওই বোটে আগুন দেখে পাশে থাকা আরেক বোটের চালক হেলাল উদ্দিন তার বোটটি দ্রুত নিয়ে গিয়ে পর্যটকদের উদ্ধার করেন। এ কারণে পর্যটকদের কোনো ক্ষতি হয়নি। বোটে সাতজন পুরুষ ও পাঁচজন নারী পর্যটক ছিলেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোটে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বোটটি আগুনে ক্ষতিগ্রস্ত হলেও বোটে থাকা পর্যটকদের কোনো ক্ষতি হয়নি।
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে পানি আসায় এখন পর্যটকদের উপস্থিতি বেড়েছে। ছুটির দিন শুক্রবার ও শনিবার পর্যটক থাকেন বেশি। পর্যটকেরা দিনভর হাওরে ঘোরাঘুরির পর বোটে রাত যাপন করেন হাওরের উত্তরপাড়ের শহীদ সিরাজ লেক এলাকায়। এখানে রাতে সব বোট পর্যটকদের নিয়ে অবস্থান করে। বর্ষা মৌসুমে হাওরে পর্যটকদের জন্য প্রায় ২০০ হাউজ বোট থাকে।
দেওয়ান গিয়াস/মেহেদী/