মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘবাড়ী এলাকায় গাছ ফেলে ঘণ্টাব্যাপী দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন পিকআপ, সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কারের যাত্রী-চালক আরিফুল ইসলাম, ওয়াজিদ মিয়া, অপু দাস, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া ও তাহমিদ।
আহতরা জানান, রাত ১০টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়।
ডাকাতির শিকার হওয়া শ্রীমঙ্গল উপজেলার অপু দাস বলেন, আমরা কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল ফিরছিলাম। আমাদের গাড়িটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে বাগড়াবাড়ী এলাকায় পৌঁছালে ডাকাতদল গাছ ফেলে পথ আটকায়। এর পর ধারালো অস্ত্রের মুখে মালামাল নিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতদল প্রায় এক ঘণ্টায় ২০ থেকে প্রায় ২৫টি সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপ থামিয়ে ডাকাতি করে। তারা গাড়ির চালক ও যাত্রীদের মারধর করে টাকা, মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নেয়।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ওয়াজিদ মিয়া বলেন, ঘটনাটি ঘটে লাউয়াছড়া বনের ভেতরে বাগরাবাড়ী এলাকায়। রাত সাড়ে ৯টার দিকে সড়কে গাছ ফেলে দেশীয় অস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জন মুখোশ পরা ব্যক্তি হামলা চালায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের আক্রমণে কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।
পুলক/মেহেদী/