রংপুরে যৌতুকের টাকা না পাওয়ায় রেজোয়ানা দিল আফরোজ (২২) নামে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ জুন) রাতে রেজোয়ানা দিল আফরোজ ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত গৃহবধূর বাবা রেজাউল করিম বাদী হয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদের স্বামীসহ পাঁচজনকে আসামি করে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
নিহতের পরিবারের দাবি, প্রায় তিন বছর আগে রেজোয়ানা দিল আফরোজের বিয়ে হয় রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার সরেয়ারতল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রেজাউল করিমের সঙ্গে। বিয়ের সময় বরপক্ষকে ৫ লাখ টাকার উপহার দেওয়া হয়েছিল। বিয়ের পর থেকেই রেজোয়ানা নির্যাতনের শিকার হন। ৫ জুন যৌতুকের জন্য স্বামীসহ পরিবারের সদস্যরা মারধর ও নির্যাতন করেন। পরে ৮ জুন বিকেল ৩টার দিকে আসামিরা মিলিত হয়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তীব্র দগ্ধ অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা বলেন, 'যৌতুকের টাকা না পাওয়ায় শ্বশুর বাড়ির লোকজন ও জামাই মিলে মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে। শ্বশুর-শাশুড়িরা আগুন নেভাতে না গিয়ে দরজা বন্ধ করে জানিয়ে দেয় মেয়েটি আত্মহত্যা করেছে।'
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, গতকাল রাতেই মামলা হয়েছে। ওনারা নাম ভুল করেছিল এ কারণেই সকালে আবার আসতে হয়েছে। কিন্তু রাত সাড়ে তিনটায় মামলা সম্পন্ন হয়েছিল শুধু ওনাদের ভুলের কারণে আজকে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
রেজোয়ানার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন নিহতের পরিবার।
সেলিম/মেহেদী/