ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলছে কুমিল্লার দাউদকান্দি পৌরসভা। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার লোকজন রাতে গাড়িতে করে ময়লা-আবর্জনা এনে পৌরসভার গাজীপুর এলাকায় ফেলছে। এ বিষয়ে প্রতিবাদ জানিয়েও তারা কোনো প্রতিকার পাননি।
পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাপাড়া, সবজিকান্দি, দোনারচর, তুজারভাঙ্গা গ্রামের পৌরসভার নির্দিষ্ট ডাম্পিং স্টেশন নেই। এর ফলে পৌরসভার ময়লা-আবর্জনা মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। এ ছাড়া ময়লা আর দুর্গন্ধের কারণে এলাকায় বেড়েছে মশা-মাছির উপদ্রব।
গাজীপুর গ্রামের আতাউর রহমান বলেন, ‘বেশ কিছুদিন ধরে পৌরসভার গাড়িতে করে রাতের আঁধারে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।’
পরিবেশ ও জাতীয় কৃষি পদকপ্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত বলেন, ‘মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিশ্বাসের মাধ্যমে বর্জ্যের বিষাক্ত গন্ধ মানুষের ফুসফুসে প্রবেশ করছে। এর ফলে শরীরে বিভিন্ন রোগবালাই দেখা দিতে পারে। পৌর কর্তৃপক্ষের উচিত, দ্রুত এ সমস্যার সমাধান করা।’
গাজীপুর গ্রামের মো. মনির হোসেন বলেন, ‘সামান্য বৃষ্টি হলে আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। এ ছাড়া নাক চেপে ধরে এ এলাকা দিয়ে চলাচল করতে হচ্ছে। এলাকা দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।’
দাউদকান্দি পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’