মহানবি হযরত মোহাম্মদ (স.) কে কটূক্তি করার অভিযোগে স্বনাতন ধর্মাবলম্বী বাবা-ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তাদের বিচারের দাবিতে থানা ঘেরাও করে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন।
রবিবার (২২ জুন) দুপুরে লালমনিরহাট পৌরসভার হানিফ পাগলা মোড় নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পৌরসভার সাপটানা নবীনটারী এলাকার মৃত খোকারাম শীলের ছেলে শ্রী পরেশ চন্দ্র শীল (৬৯) ও তার ছেলে শ্রী বিষঞু চন্দ্র শীল (৩৫)। তারা পেশায় নরসুন্দর। তারা হানিফ পাগলা মোড় এলাকার এক সেলুনের দোকানে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার নামাটারী এলাকার নাজমুল ইসলাম (১৯) রবিবার দুপুরে ওই সেলুনের দোকানে চুল কাটাতে যান। চুল কাটা অবস্থায় অভিযুক্ত পরেশ চন্দ্র শীল নাজমুল ইসলামকে বলে, 'তোমার নবি কয়টা বিয়ে করছে? তোমার নবির সর্বশেষ স্ত্রীর বয়স খুবই কম ছিল! তুমি এখন দাড়ি রাখতেছো কেন? বুড়া বয়সে দাড়ি রাখবা'সহ ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি মূলক কথাবার্তা বলতে থাকে। একথা শুনে নাজমুল ইসলাম উত্তেজিত হয়ে উঠলে আশপাশের মুসলিমরা ছুটে আসেন। এতে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। এ সময় স্থানীয়রা বাবা-ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে দলে দলে থানা প্রাঙ্গণে এসে বিচারের দাবিতে নানা স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন অনেকে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এর এক-দেড় মাস আগে গোসলা বাজার এলাকার সাজিদ হোসেন (১৮) ওই সেলুন চুল কাটাতে গেলে পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণু চন্দ্র শীল তাকেও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলেছে বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূুরনবি বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের নামে মামলা দিয়ে কোর্টে পাঠানো হবে।
মেহেদী/