পাবনার ঈশ্বরদী পৌরশহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক কলেজ রোড। এ সড়কের পাশে রয়েছে ঈশ্বরদী সরকারি কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং উত্তরবঙ্গের অন্যতম বড় অরণকোলা পশুর হাট। অথচ গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে যাতায়াত করতে গিয়ে সবাইকে চরম ভোগান্তি পোহাতে হয়। পুরো সড়কে রয়েছে বড় বড় গর্ত। এ কারণে যানবাহনের গতি থাকে অনেক কম। কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কয়েক বছর ধরে এমন অবস্থা দেখা গেলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, তিন কিলোমিটারের চেয়ে একটু বড় সড়কটি ২০১৫ সালে নির্মাণ করা হয়। কিন্তু বছরের পর বছর ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি নষ্ট হতে থাকে। এখন সড়কটির অবস্থা খুবই করুণ। স্থানীয়দের পাশাপাশি এই সড়কে চলাচলকারীদের দাবি, মানুষের ভোগান্তি নিরসনের জন্য দ্রুত রাস্তাটি মেরামত করা হোক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় ঠাকুরবাড়ির মন্দির থেকে পৌর এলাকার শেষ সীমানা পাবনা সড়ক পর্যন্ত তিন কিলোমিটারের বেশি রাস্তাটির বেশিরভাগ অংশই বেহাল। সড়কের পিচ, পাথর, খোয়া উঠে গর্ত হয়ে আছে। রয়েছে খানাখন্দ। এগুলোতে জমেছে বৃষ্টির পানি। এসব গর্তে পড়ে গাড়ি বিকল হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থী ও স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন নাগরিক সুবিধা নিতে আসা হাজারও মানুষ।
কলেজ রোডের বকুলের মোড়ের চা দোকানি রজব আলী বিশ্বাস বলেন, ‘১০ বছর ধরে সড়কটি বেহাল। যানবাহন চালকরা অনেক কষ্ট করে এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। অনেকের রিকশা, অটোরিকশা গর্তে পড়ে নষ্ট হয়। অরণকোলা পশুর হাট যেদিন বসে, সেদিন ব্যবসায়ীদের দুর্ভোগের সীমা থাকে না।’
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির সবখানে খানাখন্দ। বিশেষ করে অরণকোলা পশুর হাটে গরু-মহিষ আনা-নেওয়ায় ব্যবসায়ীদের খুব কষ্ট করতে হয়। কলেজ রোড ঈশ্বরদীর অন্যতম একটি সড়ক। এটি দ্রুত মেরামত করা দরকার।
ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপসহকারী প্রশিক্ষক বাকী বিল্লাহ বলেন, ‘আমাদের এখানে ৯১৫ জন শিক্ষার্থী রয়েছে। তারা সব সময় এ সড়ক ব্যবহার করে। কিন্তু বর্তমানে সড়কের যে অবস্থা, শিক্ষার্থীরা প্রয়োজন থাকলেও ভোগান্তির ভয়ে রাস্তায় যেতে চায় না। এই রাস্তায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে।’ ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর কবিতা চাকলাদার বলেন, রিকশা-অটোরিকশায় যাতায়াতের সময় প্রচণ্ড ঝাঁকুনি সইতে হয়। দ্রুত সড়কটি মেরামত করা দরকার।
কলেজ রোড মেরামতের বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল হক প্রকৌশলীর সঙ্গে কথা বলতে বলেন। পৌরসভার সহকারী প্রকৌশলী প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘কলেজ রোডটির জন্য টেন্ডার আহ্বান প্রক্রিয়া চলমান রয়েছে। টেন্ডার হলে রোডের মেরামতের কাজ শুরু হবে।’