যশোর শহরের সার্কিট হাউসপাড়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ধসে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মরদেহগুলো যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের প্রকৌশলী আজিজুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরু মোল্লা।
প্রত্যেকেই ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামের একটি ডেভেলপার কোম্পানির অধীনে সার্কিট হাউস রোডে নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ছয়তলা অংশের একটি কার্নিশ হঠাৎ ভেঙে পড়লে তিনজন নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আরও কয়েকজন শ্রমিক ভবনটির নির্মাণকাজ করছিলেন। তবে তাদের মধ্যে কেউ আহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও ঠিকাদার আজিজুর রহমান শিমুল খবরের কাগজকে বলেন, ‘ভবনটি অত্যন্ত ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করা হচ্ছিল। ভবনের গঠনশৈলী ও নির্মাণমান ছিল চরম ঝুঁকিপূর্ণ। এ সড়ক দিয়ে সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করেন।’
তার দাবি, ভবনটি একটি প্রভাবশালী রাজনৈতিক দলের ছাত্রনেতাদের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে। এর নির্মাণকাজ প্রশ্নবিদ্ধ এবং এটি এখনই সিল করে দেওয়া উচিত।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো ঘটনার তদন্ত করছেন।
তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুহিন/পপি/