যশোর জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আব্দুর রহমান জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার বাসিন্দা।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, আব্দুর রহমান জাকির নামে ওই যুবক সাদা অ্যাপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিচ্ছিলেন। এ সময় তিনি শহরের পুরাতন কসবা এলাকার সানজিদা (৩৬) নামে এক রোগীর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনরা হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে জানান। এর পর তিনি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি ইন্টার্ন চিকিৎসক নন। এ সময় তার কাছ থেকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিচয়পত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ওই পুলিশ সদস্য সোহেল রানা পরবর্তীতে ওই যুবককে তত্ত্বাবধায়কের কাছে নিয়ে গেলে তিনি তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার লক্ষ্যে অভিযোগ দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, যশোর সদর হাসপাতালে দায়িত্বগত পুলিশ ইন্টার্ন চিকিৎসক দাবি করা এক প্রতারককে আটক করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তুহিন/মেহেদী/