খুলনার আলিফ গেট এলাকায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, মালবাহী একটি ট্রেনটি খুলনা থেকে ছেড়ে আলিফ গেট এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, চলন্ত ট্রেনের সামনে একটি ট্রাক চলে এলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রেনের একটি কোচ বেশি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।
এদিকে দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনাস্থল পরিষ্কার না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না।
মেহেদী/