দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর রাজশাহী কলেজের ভ্রাম্যমাণ লাইব্রেরি পুনরায় চালু করা হয়েছে। পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের রাজশাহী কলেজ শাখা ‘দীপালোক’ নামে এ লাইব্রেরি চালুর উদ্যোগ নেয়। গতকাল সোমবার দুপুরে কলেজের কলা ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
এ সময় তিনি বলেন, গ্রিন ভয়েস কলেজ শাখা যে উদ্যোগ নিয়েছে এটি শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। এটির মাধ্যমে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনন্য ভূমিকা রাখবে বলে উদ্যোগের সাফল্য কামনা করেন তিনি।
গ্রিন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. জহিরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, একই বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, লাইব্রেরিতে বাংলা, ইংরেজি, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বই রাখা হয়েছে। রাজশাহী কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড দেখিয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর বই পড়তে এবং সাত দিনের জন্য বাসায় নিয়ে পড়ার সুযোগ পাবে। এটি প্রতি সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ চলাকালে খোলা থাকবে। এ ছাড়া বুধ ও শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। বুধবার বিকেলে পাঠচক্র অনুষ্ঠিত হবে।