সিলেট নগরীর ক্রমবর্ধমান বর্জ্য সমস্যা সমাধানে এবং বর্জ্য ব্যবস্থাপনায় আরও গতি আনতে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
বুধবার (২৩জুলাই) নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নগরভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় সিসিকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘নগরীতে প্রতিদিন প্রায় ৫০০ টন বর্জ্য উৎপাদিত হচ্ছে। প্রায় ১ লাখ হোল্ডিং এবং ১০ লাখ জনসংখ্যার এ নগরীর বর্জ্য অপসারণ অত্যন্ত চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা আন্তরিকভাবে কাজ করছি। তবে এটির দীর্ঘমেয়াদি সমাধানের জন্য একটি নীতিমালার প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। সিসিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি নির্দিষ্ট ও আধুনিক নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে নাগরিকদের মতামত নিয়ে নীতি বাস্তবায়নের প্রক্রিয়াকে গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক করা হবে। নগরবাসীকে সম্পৃক্ত না করে এ সমস্যার সমাধান সম্ভব নয়। তাই আমরা প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের মতামত নিচ্ছি এবং নীতিমালায় সেই অভিমত প্রতিফলিত হবে।’
সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিসিকের সচিব মো. আশিক নূর। অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন বেসরকারি সংস্থা এসএনভির ক্লাস্টার কো-অর্ডিনেটর রহিমা বেগম। তার প্রেজেন্টেশনে উল্লেখ করা হয়, সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা এখনো অনেকাংশেই অনিয়মিত এবং এটি পরিবেশ দূষণের অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে।
সভায় অংশ নিয়ে বিভিন্ন পেশার প্রতিনিধিরা নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং নগরীর বিদ্যমান সমস্যাগুলোর প্রতি সিসিকের মনোযোগ আকর্ষণ করেন। তারা বলেন, শুধু বর্জ্য অপসারণ নয়, বরং এর উৎস নিয়ন্ত্রণ, আলাদা করে সংগ্রহ, পুনর্ব্যবহার, কম্পোস্টিং এবং জনসচেতনতা বাড়ানোর মতো বিষয়গুলোকে নীতিমালায় অন্তর্ভুক্ত করা জরুরি।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী ও সমাজসেবিকা শামা হক চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমজা সিলেটের সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, কলামিস্ট ও সাংবাদিক আফতাব চৌধুরী, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরোপ্রধান ওয়েছ খসরু, সমকালের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ বাবলু প্রমুখ।