সিরাজগঞ্জ শহিদ ক্যাডেট একাডেমির এক আবাসিক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জু (৬০) ও সহকারী শিক্ষক মো. বুলবুলের (৪২) বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আহত শিক্ষার্থীর বাবা মো. সোহেল রানা সিরাজগঞ্জ সদর আমলি আদালতে এ মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী শিক্ষার্থী এস এম ফারহান সাদিক ফাহিম (১২) গত সাত মাস ধরে শহিদ ক্যাডেট একাডেমির আবাসিকে থেকে ষষ্ঠ শ্রেণির ক্যাডেট ব্যাচে পড়াশোনা করছিল। গত ১৭ জুলাই অসুস্থতার কারণে ফাহিম সময়মতো ঘুম থেকে উঠতে না পারায় শিক্ষক বুলবুল ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি বেত্রাঘাত করেন এবং মারপিট করে গুরুতর জখম করেন। এর পর ফাহিমকে ‘মেরে ফেলার’ হুমকি দিয়ে ঘটনাটি গোপন রাখতে বলা হয়। পরদিন ১৮ জুলাই ছুটির দিনে ফাহিমের মা-বাবা তাকে দেখতে গেলে ছেলের সহপাঠীদের মাধ্যমে তারা ঘটনার বিষয়ে জানতে পারেন। পরে তারা ফাহিমের শরীরে বিশেষ করে পশ্চাৎদেশে গুরুতর জখমের চিহ্ন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরও অভিযোগ রয়েছে, এ ঘটনায় পরিচালক হাসানুজ্জামান রঞ্জুর কাছে বিচার চাইলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও পরে কোনো পদক্ষেপ না নিয়ে উলটো ফাহিমের বাবাকে হুমকি দেন এবং অফিস থেকে বের করে দেন।
এ ছাড়া সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগ করেও কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতে মামলা করা হয়েছে বলে জানান মামলার বাদী সোহেল রানা।
এ বিষয়ে শহিদ ক্যাডেট একাডেমির পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, এক শিক্ষার্থীকে মারপিট করেছে বলে শুনেছি। তবে তার অভিভাবকরা আমার কাছে আসেনি।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
শিশির/মেহেদী/