বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) ভোরে সীমান্তের বড় আঁচড়া বটতলা এলাকার পাকা রাস্তার ওপর থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা ভারত থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট এনে বড় আঁচড়া বটতলা মোড় এলাকায় মজুদ করে রেখেছে। এমন গোপন সংবাদে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে পাকা রাস্তার ওপর থেকে ৯ হাজার ৮০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা যৌন উত্তেজক ট্যাবলেটের মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, চোরাকারবারিরা এসব যৌন উত্তেজক ট্যাবলেট ভারত থেকে বাংলাদেশে পাচার করে। তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নজরুল/মেহেদী/