কক্সবাজারের টেকনাফ অংশে ফের ভাঙতে শুরু করেছে মেরিন ড্রাইভ সড়ক। এছাড়াও শহরের শৈবাল পয়েন্ট, কবিতা চত্বর পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।
সম্প্রতি সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে সাবরাং জিরো পয়েন্ট, শাহপরীর দ্বীপ ও মহেশখালীয়াপাড়া নৌ-ঘাট এলাকায় সড়কটির একাধিক অংশে ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, জোয়ারের সময় সাগরের লবণাক্ত পানি ঢুকে পড়ছে কৃষিজমিতে, ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে গত বৃহস্পতিবার ও শুক্রবারের প্রবল ঢেউয়ে ভাঙনের মাত্রা আরও ভয়াবহ হয়ে ওঠে।
সাবরাং জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, জোয়ারের সময় ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভের কিছু কিছু অংশ ভেঙে পড়েছে। আগে জিও ব্যাগ বসানো হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি।
ভাঙনে ক্ষতিগ্রস্ত মেরিন ড্রাইভ সড়ক। ছবি: খবরের কাগজ
স্থানীয় বাসিন্দার সোহেল জানান, গতকাল (শুক্রবার) থেকে সাগরের উত্তাল ঢেউয়ের কারণে জোয়ারের পানির ঢেউর কারণে বাধে ভাঙন ধরেছে এবং লোকালয়ে পানি প্রবেশ করে ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। এভাবে চললে দ্বীপকে রক্ষা করা যাবে না। আমাদের দ্বীপ রক্ষার জন্য স্থায়ী বেড়ীবাধঁ প্রয়োজন।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকায় ভাঙন বেশি দেখা দিচ্ছে। এর আগে বাহারছড়ার শীলখালী এলাকায় যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছিল, তা মেরামত করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, মেরিন ড্রাইভ সড়কের কিছু অংশে ভাঙনের খবর পেয়েছি। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মুহিববুল্লাহ মুহিব/মাহফুজ