সিলেটে নারী চা-শ্রমিকদের নিয়ে গঠিত লিডারশিপ ডেভেলপমেন্ট অব টি গার্ডেন ওমেন ওয়ার্কারস অন দেয়ার রাইটস প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) নগরীর মির্জাজাঙ্গালের নির্ভানা ইন হোটেলের হলরুমে এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এ কর্মসূচির আয়োজন করে। ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফামের অর্থায়নে এই সভায় ৯৫ চা-শ্রমিক অংশ নেন।
এতে দলদলী চা বাগানের গীতা কুর্মী বলেন, ‘এত বছর চা বাগানে কাজ করি। কিন্তু আমাদের জন্যও যে আইন আছে, সেটা জানা ছিল না। আমরা মনে করতাম, বাগানে চিকিৎসাব্যবস্থা নেই এটা সমস্যা, আমরা ভালো খাবার পাই না, এটা আমাদের আর্থিক সমস্যা। কিন্তু একডোর সঙ্গে সম্পৃক্ত হয়ে জানতে পারি, এগুলো আমাদের সমস্যা না। এসব সেবা পাওয়া আমাদের অধিকার।’
সভায় প্রধান অতিথি একডোর সভাপতি মিনতি দেবী বলেন, ‘আমরা চেষ্টা করছি, নারী চা-শ্রমিকদের নেতৃত্বের দক্ষতা বিকাশ করতে। তবে যেহেতু তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাই বেশির ভাগ সময়ে নূন্যতম মজুরির জন্য তাদের লড়তে হয়। তাদের নেতৃত্ব বিকাশে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একডোর সহসভাপতি শংকর সিংহ, কোষাধ্যক্ষ যোগেশ্বর সিংহ, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি প্রমুখ।