চট্টগ্রাম মহানগরের সল্টগোলা ক্রসিং এলাকায় আবু সাঈদ রানা নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহতের ঘটনায় প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) রাতে চন্দনাইশের কাঞ্চননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এর আগে গত ১১ আগস্ট রাত ২টার দিকে চট্টগ্রাম মহানগরের সল্টগোলা ক্রসিং এলাকায় পুলিশ কর্মকর্তা আবু সাঈদ রানাকে কুপিয়ে আহত করা হয়। তিনি বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত।
পুলিশ জানায়, নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ওইদিন রাতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। বিষয়টি জানতে পেরে বন্দর থানা পুলিশের একটি টিম সেখানে যায়। পুলিশ তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে রানাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ওই রাতেই অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মী। পরদিন ১২ আগস্ট পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করে। মামলায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিফাত/