নোয়াখালীতে অবৈধ মাইক্রোবাসস্ট্যান্ড উচ্ছেদে গিয়ে গাড়ি ভাঙচুর করায় অবরুদ্ধ হয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান। এ সময় তার গাড়ি ভাঙচুর করে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জিলা স্কুলের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধদের উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খানের নেতৃত্বে জিলা স্কুলের সামনে মাইক্রোবাসের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে যায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় শ্রমিকরা কথা না শোনায় স্ক্যাভেটর দিয়ে চারটি মাইক্রো ও একটি পিকআপ ভাঙচুর করা হয়। এতে স্ট্যান্ডের মালিক-শ্রমিকরা উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করেন।
এ সময় অভিযানে থাকা ম্যাজিস্ট্রেটসহ লোকজনকে অবরুদ্ধ করে নোয়াখালী-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে জেলা প্রশাসনের অন্য ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। পরে ক্ষতিপূরণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।
মাইক্রোস্ট্যান্ডের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবদুল করিম মুক্তা খবরের কাগজকে বলেন, স্ট্যান্ডটি অবৈধ হলে প্রশাসন অভিযান চালিয়ে গাড়ি জব্দ বা জরিমানা করবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে পাঁচটি গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া অন্যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করছি।
এ বিষয়ে জানতে অভিযানে যাওয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) মো. ফাহিম হাসান খানকে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
তবে জেলা প্রশাসনের আরেক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত) মেহরাব হোসাইন খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অবৈধ মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদে গেলে শ্রমিকরা মব সৃষ্টি করে প্রশাসনের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।’
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন খবরের কাগজকে বলেন, ‘ঘটনার পরপরই মাইক্রোস্ট্যান্ডের নেতাদের ডাকা হয়েছে। এ বিষয়ে একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।’
ইকবাল হোসেন/অমিয়/