একসময় বাংলাদেশ ছিল বনভূমি ও সবুজ গাছে ভরপুর। অনিয়ন্ত্রিত দখল, পাহাড় উজাড় ও বন ধ্বংসের কারণে সবুজ আচ্ছাদন কমে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগরের টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সামনে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা হাস্তান্তর কর্মসূচী অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে ১০০০ গাছের চারা হস্তান্তর করে।
এসময় মেয়র বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই ১০ লাখ গাছ লাগিয়ে গ্রীন চট্টগ্রাম গড়বো। সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ-সুন্দর নগরী গড়ে তুলতে হলে এখন থেকেই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, চট্টগ্রাম একটি ঘনবসতিপূর্ণ নগরী। এখানে দূষণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। সেই দূষণ রোধে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো গাছ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তবে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এ কাজে সম্পৃক্ত হতে হবে। তিনি লায়ন্স ক্লাব অব চিটাগাংকে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং নগরবাসীকেও নিজ নিজ জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রাক্তন জেলা গভর্নর (আইপিপি) লায়ন বাবুল কান্তি লালা, সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, ট্রেজেরার লায়ন অনুপম মজুমদার, লিও ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, এরস্ট্রোক্রেসি কেমব্রিয়ানের প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু, লিও বাঁধন ঘোষ, লিও জাহেদ উদ্দীন রিপন, লিও ইনতিশার রহমান, লিও মুবতাসিম তাজওয়ার, লিও ইভান প্রমুখ।
এসএন/