ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বৃক্ষরোপণ যে আশ্বাস শুনলে সব ভয় দূর হয়ে যাবে বৈশ্বিক চিকিৎসাসেবায় বেক্সিমকো ফার্মার নতুন মাইলফলক নাফ নদীতে ২ নৌকাসহ ৭ জেলে আটক করেছে আরাকান আর্মি চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু বিশ্বকাপ উন্মাদনায় খবরের কাগজে প্রতিদিন ৪ পৃষ্ঠার বিশেষ আয়োজন কাজের আশায় রাশিয়ায়, প্রাণ গেল ড্রোন হামলায় কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রালে রাশিয়ার হামলায় নিহত ১১ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র বিমানের ঢাকা-নারিতা রুট পুনরায় চালু ২৭ জুলাই দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গাজীপুর: সেমিনারে বক্তারা জুলাই হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নামঞ্জুর প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জন নিহত মাগুরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু আইফোনের ক্যামেরার নিয়ন্ত্রণ এয়ারপডসে হাংচৌতে চায়না এআই উদ্যোক্তা সম্মেলন শুরু রংপুরের বাজারে আসছে হাড়িভাঙ্গা আম ইসাক-গাইকোরেস রসায়নে মুগ্ধ কোচ পটার মাগুরার জেলা প্রশাসককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব চীনে বছরে ১ কোটি ৫০ লাখের বেশি মানুষের রক্তদান বাজেট কি শিশুবান্ধব ও শিশুর খাতে দৃশ্যমান? পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি হোটেল হলিডে ইনে ম্যাচডে ফিস্ট বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ জন-আকাঙ্ক্ষার বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি বড় চ্যালেঞ্জ বাংলাদেশে এসে ২০ বছরের তরুণীকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব আমিরাতের নাগরিক তুমিও হারিয়ে যাও আমাজনের জঙ্গলে
Nagad desktop

দখল হয়ে যাচ্ছে কুষ্টিয়ার মোহিনী মিল, চুরি হচ্ছে যন্ত্রাংশ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
দখল হয়ে যাচ্ছে কুষ্টিয়ার মোহিনী মিল, চুরি হচ্ছে যন্ত্রাংশ
কুষ্টিয়ার পৌর এলাকার মোহিনী মিল। ছবি: খবরের কাগজ

ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী কুষ্টিয়ার মোহিনী মিল। ১৯০৮ সালে মাত্র আটটি তাঁতযন্ত্র নিয়ে এই মিলের যাত্রা শুরু করেন ভারতীয় সিভিল সার্ভিসের সদস্য মোহিনী মোহন চক্রবর্ত্তী। স্থান হিসেবে বেছে নেন তৎকালীন নদীয়া জেলার কুষ্টিয়া মহকুমাকে। প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই মিলটি একটি লাভজনক শিল্পে পরিণত হয়।

এই মিলের উৎপাদিত পণ্যের চাহিদা বাড়তে থাকে। ইংল্যান্ড থেকে আনা পিতলের হ্যান্ডলুম মেশিন, সঙ্গে পিতলের তৈরি প্রায় ২০০ তাঁত আমদানি করে মিলের উৎপাদন বহুগুণে বাড়িয়ে তোলা হয়। ১৯২০ সালের দিকে মিলে প্রায় তিন হাজার মানুষ কাজ করতেন। মিলে উৎপাদিত দেশি কাপড়ের চাহিদাও ছিল ব্যাপক। এখানকার উৎপাদিত সুতা ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মায়ানমারে রপ্তানি হওয়ায় মিলটি পুরো এশিয়ার মধ্যে জায়গা করে নেয়।

ইতিহাস-ঐতিহ্যের সেই কুষ্টিয়া মোহিনী মিল বন্ধ হয়ে যায় ১৯৮২ সালে। এর পর থেকে এ কারখানার জমি বেদখল হতে থাকে। এলাকার প্রভাবশালী ব্যক্তিদের কালো থাবায় দখল হয়ে যায় মিলের নিজস্ব জমি। একই সঙ্গে রাতের আঁধারে চুরি ও পাচার হতে থাকে কারখানার মূল্যবান সম্পদ ও যন্ত্রাংশ। এখন কারখানা ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। লতাপাতায় ঢেকে গেছে লোহার যন্ত্রাংশ। চারদিকে গজিয়েছে বটসহ গাছপালা। পুরো কারখানার চত্বর পরিণত হয়েছে জঙ্গলে।

সেখানে গেলে স্থানীয়রা জানান, কুষ্টিয়ার মোহিনী মিলের ৩৬ একর জায়গার প্রায় অর্ধেকের বেশি জায়গা এখনো আওয়ামী লীগ নেতা ও তাদের পরিবারের দখলে রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও বিভিন্ন কায়দায় দখল ধরে রেখেছেন তারা। এ ছাড়া পুলিশ সদস্য ও স্থানীয় কাউন্সিলরাও দখল করে আছেন অনেক জায়গা। এতে সাহায্য করেছেন মোহিনী মিলের দেখভালের দায়িত্বে থাকা অসৎ কর্মকর্তারা।

মোহিনী মিলের জিএম বাংলো দখলে নিয়েছেন তাইজাল আলী খান। তিনি কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি। মিলের ১ নম্বর গেটের সামনের খালি জায়গা দখল করে রেখেছেন তারই ছেলে ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান রনি।

এ ছাড়া মিলপাড়া বালিকা বিদ্যালয়ের জায়গা দখল করে সেখানে তৈরি করেছেন বাগানবাড়ি, সন্ধ্যা হলেই সেখানে চলে মাদকের আড্ডা। আর এসব চলে রনির ছত্রচ্ছায়ায়। মিল লাইন কোয়ার্টারের জায়গা দখল করেছেন কুষ্টিয়া আদর্শ কলেজের প্রিন্সিপাল আলতাফ হোসেন। তিনি তাইজাল আলী খানের ভাগ্নে। তার আরেক ভাগ্নে মুসা আলী খান দখল করে আছেন মিলের কোয়ার্টার ও হাসপাতাল কোয়ার্টার এবং মিলের মাঠ।

এ ছাড়া ছোট ছোট ঘর নির্মাণ করে ৫০ থেকে ১ লাখ টাকা ঘরপ্রতি নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মিলের রেস্ট হাউস দখল করে রেখেছেন নাসির উদ্দিন, তিনি তাইজাল খানের বাড়ির কেয়ারটেকার। মিলের হাসপাতালের পাশে তাইজাল খানের বাবার নামে একটি ক্লাব তৈরি করে সেখানেও অবৈধভাবে জায়গা দখল করে রাখা হয়েছে। স্টাফ কোয়ার্টারের জায়গা দখল করে রেখেছেন তার ভায়রা ভাই আমিরুল ইসলামের ভগ্নিপতি মিরাজউদ্দিন।

মিলের হাসপাতালের আরও একটি অংশ দখল করে রেখেছেন ইসমাইল হোসেন ও সাবেক পুলিশ সদস্য শরাফ উদ্দিন (শরিফুল)। সাবেক কাউন্সিলর নিজামুদ্দিন খান একসময় সন্ত্রাসী সংগঠন হামিদুল বাহিনীর ক্যাশিয়ার ছিলেন। তিনিও দখল করে রেখেছেন মিলের সম্পত্তি। মিলের সিনেমা হলের জায়গা দখল করে রেখেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি রবিউল ইসলামের ব্যবসায়ী প্রতিষ্ঠান আল-মদিনা ও ডালমিলের ইলেকট্রিশিয়ান পিরু।

মোহিনী মিল সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে মিলটি বন্ধ হয়ে গেলে কারখানার জমি বেদখল হতে শুরু হয়। কারখানার মূল অংশসহ বাইরের কিছু জায়গা (প্রায় সাড়ে ১৬ একর) এখনো মিলের নিয়ন্ত্রণে আছে।

এ কারখানাটি বিক্রির জন্য লিকুইডেশন সেল বা বিলুপ্তির দরপত্র ১৯৮১ সালের জুনে গঠন করে দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তবে ৪২ বছরেও এটি বিক্রি করতে পারেনি তারা। এখন লিকুইডেশন সেলের ১৫ জনের বেশি কর্মচারী কারখানাটি দেখভাল করেন। শুধু এ কারখানা নয়, আরও তিনটি কারখানা বিক্রি করতে পারেনি এই সেল। ফলে এ সেলে কর্মরত ব্যক্তিদের বসিয়ে বেতন-ভাতা, কার্যালয় ভাড়াসহ অন্যান্য খরচ দিতে হচ্ছে সরকারকে। অন্যদিকে বন্ধ থাকায় কারখানার যন্ত্রপাতি নষ্ট হওয়াসহ সম্পদের অপচয় হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ‘যে দলই ক্ষমতাই এসেছে তারা এই মিলটিকে গিলে খেতে চেয়েছে। যার কারণে এই মিলটি আর আলোর মুখ দেখেনি। কিন্তু সরকারের শুভ দৃষ্টি থাকলে এই মিলটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব ছিল। এটি করতে পারলে জেলার বেকার যুবকদের যেমন কর্মসংস্থান হতো, সেই সঙ্গে সরকার হতো লাভবান। কিন্তু কে শোনে কার কথা।’

অবৈধ দখলের বিষয়ে শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। জানা গেছে তিনি পলাতক।

কুষ্টিয়া মোহিনী মিলের ম্যানেজার মাহাবুল ইসলামের কাছে দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। আমার আগে যারা ছিলেন, তারা কোনো নথিপত্র আমাকে দিয়ে যাননি এবং কারা দখল করে রেখেছেন, সে বিষয়েও কোনো কিছু মন্ত্রণালয়ে জানানো হয়নি হয়তো।’

এ বিষয়ে কুষ্টিয়ার সদ্য সাবেক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান বলেন, ‘যদি অবৈধ দখল থেকে থাকে, তাহলে মোহিনী মিলের সংশ্লিষ্ট যারা আছেন, তারা আমাদের জানালে আমরা দখলদারদের উচ্ছেদ করব।’

প্রসঙ্গত, মোহিনী মিলের প্রায় ৯৯ বিঘা সম্পত্তির পুরোটাই কুষ্টিয়া পৌরসভার মধ্যে। এসব জমির বর্তমান বাজারদর প্রায় ২ হাজার কোটি টাকা। কালের বিবর্তনে এই বস্ত্রকলটি হারিয়েছে তার সব গৌরব। হাতবদলের চক্রে বন্ধ হওয়া মোহিনী মিল এখন শুধু কালের সাক্ষী।

নাফ নদীতে ২ নৌকাসহ ৭ জেলে আটক করেছে আরাকান আর্মি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:৫১ পিএম
নাফ নদীতে ২ নৌকাসহ ৭ জেলে আটক করেছে আরাকান আর্মি
ছবি: খবরের কাগজ

নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা-সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ সাতজন বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি। আটক নৌকা দুটির একটি শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়ার মো. ফয়সালের এবং অপরটি কোনাপাড়া এলাকার শওকতের মালিকানাধীন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে শাহপরীরদ্বীপের প্রায় ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে নাফ নদী-সংলগ্ন বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাতজন জেলেকে আটক করে নিয়ে যায়। আটক জেলেদের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

আটক জেলেরা হলেন শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়া এলাকার কালা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫), কামাল হোসেনের ছেলে মো. জলিল (১৪), আব্দুস শুক্কুরের ছেলে আজম উল্লাহ (১২), মো. রফিকের ছেলে হেলাল (১২), মিস্ত্রিপাড়া এলাকার সব্বির আহমেদের ছেলে ফয়সাল আহমেদ (২৪), কোনাপাড়া এলাকার সলিম উল্লাহর ছেলে সৈয়দুর রহমান (২০) এবং সৈয়দ আলম।

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, মাছ শিকারের উদ্দেশ্যে যাওয়ার সময় তারা দূর থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাকে নিয়ে যেতে দেখেন। পরে বিষয়টি অন্য জেলেদের মোবাইল ফোনে জানানো হয়।

স্থানীয় সূত্র আরও জানায়, মাছ ধরার সময় জেলেদের সঙ্গে থাকা দুটি ইঞ্জিনচালিত নৌকা আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় প্রশাসন, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আটক জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া চলছে।

শাহপরীরদ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মন্নান বলেন, সকালে মাছ ধরার সময় আমার ওয়ার্ডের দক্ষিণপাড়ার ফয়সালের মালিকানাধীন নৌকাসহ চার জেলেকে আটক করেছে আরাকান আর্মি। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মো. অনীক চৌধুরী জানান, মায়ানমারের জলসীমায় প্রবেশের সময় ৭ জন জেলেসহ দুটি মাছ ধরার নৌকা আটকের বিষয়টি কোস্ট গার্ড নিশ্চিত করেছে। ঘটনাটি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে আটক জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে, এর আগে গত ৯ মে দুপুর ২টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়কের নেতৃত্বে দুটি ফাইবার স্পিডবোট ও একটি কাঠের ট্রলার নিয়ে নাফ নদীর জিরো লাইন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আরাকান আর্মির হেফাজতে থাকা ১৪ জন বাংলাদেশি জেলেকে যাচাই-বাছাই শেষে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

পরে তাদের টেকনাফের মায়ানমার ট্রানজিট জেটিঘাটে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর থানার মাধ্যমে জেলেদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শাহীন/রিফাত/

চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী (২২) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে ঝড় বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে তিনি মারা যান। 

মারা যাওয়া যুবক অন্তর- শিবগঞ্জ পৌর এলাকার চক দৌলতপুর মণ্ডল টোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিকেলে বৃষ্টিতে মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ বজ্রপাত হলে অন্তর গুরুতর আহত হন। পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আসাদুল্লাহ/নাঈম

কাজের আশায় রাশিয়ায়, প্রাণ গেল ড্রোন হামলায়

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:২২ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
কাজের আশায় রাশিয়ায়, প্রাণ গেল ড্রোন হামলায়
ছবি: সংগৃহীত

জীবিকার আশায় রাশিয়ায় গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। একটি অডিও বার্তাকে কেন্দ্র করে ড্রোন হামলায় তাদের নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে পরিবার ও স্বজনদের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।

সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে কেন্দ্র করে এ খবর এলাকায় ছড়িয়ে পড়েছে।  

নিখোঁজ দুই যুবক হলেন- উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা চাইলেনিপাড়া গ্রামের বানু মিয়ার ছেলে মাফুল ওরফে মফিজ (২৩) এবং সিধুলী ইউনিয়নের রায়েরছড়া গ্রামের তারা মিয়ার ছেলে আরিফ হোসাইন (২৭)।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ মে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান মাফুল ও আরিফ। মাফুলকে চাঁদপুরের এক দালাল এবং আরিফকে স্থানীয় এক দালালের মাধ্যমে সেখানে পাঠানো হয়। তাদের রাজমিস্ত্রি ও ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর প্রতারণার মাধ্যমে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে পরিবারের সদস্যদের কাছে অভিযোগ করেন তারা।

স্বজনদের দাবি, অর্থের বিনিময়ে দালাল চক্র তাদের রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। বিদেশে যাওয়ার পর মাফুল ও আরিফ ফোনে পরিবারকে জানিয়েছিলেন, প্রতিশ্রুত কাজ না দিয়ে তাদের যুদ্ধের এলাকায় নেওয়া হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সর্বশেষ গত ২৯ মে তাদের সঙ্গে কথা হয়। এরপর থেকে দুজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে তারা জানতে পারেন, ড্রোন হামলায় ওই দুই যুবক নিহত হয়েছেন বলে খবর রয়েছে।

মাফুলের মা মাহফুজা বেগম বলেন, ‘আমার ছেলে কাজের জন্য বিদেশে গিয়েছিল। এখন শুনছি সে আর বেঁচে নেই। আমি আমার ছেলের মরদেহ দেশে ফেরত চাই। যারা তাকে বিদেশে নিয়ে গেছে, তাদের বিচার চাই।’

মাফুলের বোন কণিকা বলেন, ‘আমার ভাইকে রাজমিস্ত্রির কাজ দেওয়ার কথা বলে রাশিয়ায় নেওয়া হয়েছিল। পরে জানতে পারি, তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ফোনে কাঁদতে কাঁদতে সে আমাদের বাঁচানোর আকুতি জানিয়েছিল। এখন তার মৃত্যুর খবর শুনছি।’

এদিকে, আরিফের বাবা তারা মিয়া বলেন, ‘ইলেকট্রিশিয়ানের কাজ করানোর কথা বলে আরিফকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় দালাল আমিনুর ইসলাম সুজার মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে তাকে পাঠানো হয়েছিল। গত ২৯ মে থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।’

আরিফের চাচাতো ভাই আনন্দ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি, আরিফ রাশিয়ায় ড্রোন হামলায় নিহত হয়েছে। গত ২৯ মে থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ঋণ করে আরিফকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু দালালরা প্রতারণা করেছে। কাজের কথা বলে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তি চাই।’

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী আজ দুপুরে জানান, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। দূতাবাসের মাধ্যমে না গিয়ে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বিদেশে যাওয়া মোটেও ঠিক হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। তবে ভুক্তভোগী পরিবার লিখিত আবেদন করলে প্রয়োজনীয় পরামর্শ ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

রিফাত/

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গাজীপুর: সেমিনারে বক্তারা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:০০ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৬:১৩ পিএম
দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গাজীপুর:  সেমিনারে বক্তারা
ছবি: খবরের কাগজ

বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প ও কর্মসংস্থান কেন্দ্র গাজীপুর জেলায় মোট ৩ দশমিক ৯৪ লাখ অর্থনৈতিক ইউনিট এবং ২৫ লাখ ৩০ হাজার কর্মরত জনবল রয়েছে। দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে অর্থনৈতিক শুমারি ২০২৪- ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৫ জুন) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক সম্মেলনে এ তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক  মো. নূরুল করিম ভুঁইয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম।

এ সময় জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া শুমারির পরিধি আরও বিস্তৃত করার ওপর জোর দিয়ে বলেন, ক্ষুদ্রতর ব্যবসা প্রতিষ্ঠান কিংবা পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকেও অর্থনৈতিক শুমারির আওতায় আনা এবং তাদের কাছে এর গুরুত্ব বোঝানো প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের সুবিধার্থে শুমারি বা সার্ভেতে জটিল শব্দ পরিহার করে সবার জন্য সহজে বোধগম্য ‘টার্ম’ বা শব্দ ব্যবহার করা উচিত। শিল্পের আধিক্য এবং শক্তিশালী এসএমই  খাতের কারণে গাজীপুর বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত।  

পলাশ/রিফাত/

মাগুরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
মাগুরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চ্যামেলী বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সব্দালপুর ইউনিয়নের মোর্তজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চ্যামেলী বেগম মোর্তজাপুর গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির ছাদের ওপর আম পাড়ার সময় হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে তার শরীরের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ মাগুরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শ্রাবণ/রিফাত/