নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসীদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের ফজুর বাড়ির মোড় ও কাঞ্চন পৌরসভার হাবিব নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন উপজেলার মায়ার বাড়ি খালপাড় এলাকার ইমন, আইঘরটেকপাড়া এলাকার কাজলী, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন যাবত রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের শহিদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রীজ ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। এসবের পরও আমরা মানবিক দিক বিবেচনা করে এতদিন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করিনি। কিন্তু গত ১৫ সেপ্টেম্বর হিজড়ারা চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদেরকে মারধর করে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে ও নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।
মো. রুবেল শিকদার/মাহফুজ