কুমিল্লার বুড়িচংয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে জার্মান শেফার্ড কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে ঘটা এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং পশু দিয়ে নির্যাতনের অভিযোগে জড়িতদের শাস্তির দাবি উঠে।
গ্রেপ্তাররা হলো, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার শান্ত ইসলাম, একই জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার মুরমা গ্রামের মোহাম্মদ আল আমিন এবং বরিশাল জেলার মালিকান্দা গ্রামের মো. সজীব হালদার। তারা সবাই সাকুরা স্টিল মিলের নিরাপত্তাকর্মী।
নির্যাতনের শিকার যুবকের নাম শ্রী জয় (৩২)। তিনি চান্দিনা উপজেলার মাইসখার গ্রামের শ্রী বিষ্ণুর ছেলে। তার বিরুদ্ধে স্টিল মিলে চুরির অভিযোগ করছে গ্রেপ্তাররা।
এ বিষয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিং করে র্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, নির্যাতনের শিকার জয় চন্দ্র অভিযুক্ত তিন নিরাপত্তাকর্মীকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা করেছেন। কুকুরের কামড়ের শিকার জয়কে চিকিৎসা দিয়ে বুড়িচং থানার হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকেও বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য অপেক্ষা করেন। নামাজ শুরু হলে শ্রী জয় কৌশলে মিলের ভেতরে ঢুকলে নিরাপত্তাকর্মীরা মিলের দুটি কুকুরকে তার পেছনে লেলিয়ে দেন। কুকুরের তাড়া খেয়ে জয় এক প্রান্তে দৌড়ে গিয়ে মাটিতে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জার্মান শেফার্ড প্রজাতির দুটি কুকুর জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি হাতে তাকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি বাঁচার জন্য চিৎকার করতে থাকেন।
এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। পরে রাতেই র্যাব-১১ সিপিসি-২ এবং বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে আটক করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় রাতে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
জহির/মেহেদী/