যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের সাংবাদিক নামধারী মনিরুল ইসলাম মনি নামে একজনের বিরুদ্ধে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযোগ দেওয়ার জন্য বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকেই ভুক্তভোগী ছাত্রের বাবা শার্শা থানায় অবস্থান করছেন।
ভুক্তভোগী ওই এলাকার বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। অভিযুক্ত মনিরুল ইসলাম মনি গিলাপোল গ্রামের বাসিন্দা এবং তার স্ত্রী ওই বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের শিক্ষিকা।
ভুক্তভোগী ছাত্র বলেন, “গত ১৮ সেপ্টেম্বর টিফিনের সময়ে আমাদের স্কুলের ম্যাডামের স্বামী সাংবাদিক মনিরুল ইসলাম মনি স্কুলে আসেন। আমরা তাকে ছোটবেলা থেকেই চিনি। স্কুল চলাকালীন সময়ে তিনি স্কুলের বাইরে থেকে আরেকজন ছাত্র দিয়ে আমাকে ডাকেন। আমি শিক্ষককে বলে বাইরে যাই। তখন তিনি আমাকে জিজ্ঞেস করেন, ‘তোমার কাছে কত টাকা আছে?’ এরপর বলেন, ‘সিঙ্গাড়া খাওয়াতে হবে।’ আমি বলি, আমাদের স্কুলেই ক্যান্টিন আছে, সেখানে খাই। তখন তিনি বলেন, ‘আমি ওখানে খাব না, গিলাপোলের ধানসিঁড়ি হোটেলে খাব।’ আমি বললাম, ‘আমার ক্লাস আছে, আরেকদিন যাব।’ কিন্তু তিনি জোর করে আমাকে মোটরসাইকেলে তুলে ওই হোটেলে নিয়ে যান। সেখানে গিয়ে দেখি হোটেল বন্ধ। তবে তিনি আগে থেকেই জানতেন হোটেল বন্ধ। এরপর বলেন, ‘আমার বাসায় পাকা কলা আছে, তোমাকে খাওয়াব।’ এভাবে কয়েকবার জোর করে শেষে উনার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে বলাৎকার করেন।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীর বাবা অভিযোগ দায়েরের জন্য থানায় অবস্থান করছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, এ ঘটনায় অভিযোগ প্রক্রিয়াধীন।
যশোরের পুলিশ সুপার রওনক জাহান জানান, “এটি একটি জঘন্যতম অপরাধ। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় অবশ্যই থানায় অভিযোগ হবে।”
নজরুল/মেহেদী/