গোপালগঞ্জে বিআরটিএর জেলা সার্কেলের আওতাধীন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত আটটি পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
বাংলাদেশ বিআরটি ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরকৃত এসব চেক বিতরণ করা হয়।
এ সময় গোপালগঞ্জ বিআরটিএর সহকারি পরিচালক জান্নাতুল মাওয়া ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারের সদস্যদের হাতে ৫ লাখ করে মোট ৪০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
চেকপ্রাপ্ত পরিবারগুলো হলো, গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের নিহত মো. সাকিল শিকদার, একই উপজেলার সুলতানশাহী গ্রমের নিহত রইচ শেখ, কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের নিহত কুদ্দুস মোল্যা, মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের নিহত মো. রাজিব শেখ, কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া এলাকার দক্ষিণ শশীদল গ্রামের নিহত মো. শেঁর খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার দুয়ারীপাড়া এলাকার নিহত মো. আলমগীর হোসেন, খুলনা সদরের টুটপাড়া এলাকার নিহত তাহুরা বেগম ও একই এলাকার তানিয়া আফরোজের পরিবার।
এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, 'গত তিন বছরে জেলায় ২৩২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় ২৪৬ জন ও আহত হন ৪৯২ জন। সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে স্পীডব্রেকার দিয়েও সড়ক দুর্ঘটনা কমনো যাচ্ছে না।' তাই সড়ক দূর্ঘটনা কমাতে সকলকে সচেতন হবার পরামর্শ দেন তিনি।
বাদল সাহা/মৌসুমী/