বগুড়ার শাজাহানপুরে দুর্গা পূজার আনন্দে মদপানে অসুস্থ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চারজন মারা গেছে। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে আরও একজন।
বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দুপুরে ও বিকালে নতুন করে আরও তিনজন মারা গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মৃতরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমান মন্ডলের ছেলে মিজানুর রহমান মন্ডল লিটন (৫০), খোট্টাপাড়া সোনারপাড়া গ্রামের আবদুল হান্নান খোকা সোনার ছেলে সিএনজি চালিত থ্রি-হুইলার চালক নাছিদুল ইসলাম (২৭), খোট্টাপাড়া পূর্বপাড়ার সুলতান মাহমুদের ছেলে ট্রাক চালক আবদুল মানিক মিয়া (২৮) এবং একই গ্রামের আবু বক্করের ছেলে সিএনজি চালিত থ্রি-হুইলার চালক আবদুল্লাহ আল কাফী (৩০)।
জানা গেছে, নিহত মিজানুর রহমান মন্ডল লিটন খোট্টাপাড়া ইউনিয়নের ২নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য আলেয়া বেগমের স্বামী। বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে খোট্টাপাড়া পূর্বপাড়ার মন্টু মিয়ার ছেলে আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০)।
পুলিশ জানিয়েছে, শারদীয় দূর্গা পূজার বিজয় দশমীর দিন গত ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শাজাহানপুর উপজেলার বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজা মন্ডপের পাশে বেলতলা এলাকায় ওই চারজন একসাথে মদপান করে। পরে বাড়ি ফেরার পর ৩ অক্টোবর শুক্রবার সকাল থেকে তাদের বমি ও পেট ব্যথা শুরু হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ওই দিন পূজার আনন্দে একসঙ্গে মদপান করায় তাদের শরীর অসুস্থ হয়। পরে স্বজনরা অসুস্থ পাঁচজনকে পর্যায়ক্রমে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর মঙ্গলবার রাতে মিজানুর রহমান মন্ডল লিটন মারা যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুলিশ ময়না তদন্ত ছাড়াই লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাছিদুল ইসলাম ও শুক্রবার দুপুর ১২টার দিকে মানিক মিয়া এবং বিকাল ৫টার দিকে আবদুল্লাহ আল কাফী মারা যায়। আশঙ্কাজনক আনসার সদস্য রঞ্জু মিয়াকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বিষাক্ত মদপানে মৃতদের কিডনি অকেজো হয়ে যায়।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, বিষাক্ত মদপানে চারজনের মৃত্যু হয়েছে ও একজন চিকিৎসাধীন আছেন। নতুন করে মৃত তিনজনের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃতের স্বজনরা মামলা করলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপন দাস/মাহফুজ