চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাসের দুই পাশে ভাঙা সড়ক নির্মাণ, ওভারপাস নির্মাণকাজে যাতায়াতের ভোগান্তি এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রেলবাজার রেলওয়ে ওভারপাসের নিচে অনুষ্ঠিত এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন শতাধিক ব্যবসায়ী।
বক্তারা বলেন, রেলবাজার এলাকার সড়কগুলো দীর্ঘদিন ধরে ভাঙা ও খানাখন্দে পরিণত হয়েছে। তাছাড়া ওভারপাস নির্মাণকাজের কারণে এলাকায় চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রেলওয়ে ওভারপাসটি এখন গলার কাঁটায় পরিণত হয়েছে। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে এলাকা কার্যত শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তারা অভিযোগ করেন, বারবার প্রশাসন ও সড়ক বিভাগকে জানানো সত্ত্বেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অবিলম্বে ভাঙা সড়ক সংস্কার, ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান এবং বিকল্প পুনর্বাসনের দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব জোয়ার্দ্দার রিংকু, জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব ও রেলবাজার ব্যবসায়ী সমিতির নেতা সামিউল ইসলাম অপু প্রমুখ।
মিজানুর রহমান/মৌসুমী/