চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্যাসিফিক গ্রুপের একটি ইউনিটের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছে পুলিশ। দুই পক্ষের মধ্যে কিল-ঘুষি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের জানুয়ারি মাসে ইপিজেডের ভেতরের শিল্প পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সে ঘটনায় পুলিশ বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা করে। মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে। শ্রমিকদের দাবি, তাঁদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
পুলিশ জানায়, পুলিশের মামলা থেকে অব্যাহতির দাবিতে এক পক্ষ কর্মবিরতি পালন করছিল। আরেক পক্ষ কাজে যোগদান করতে প্রস্তুত ছিল। তারা কাজে যেতে চাইলে কর্মবিরতিতে যাওয়া শ্রমিকেরা তাঁদের বাধা দেন। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ তাঁদের জানিয়ে দেয়, কাজের পরিবেশ না থাকলে কারখানা সাময়িক বন্ধ হবে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মামলা তদন্তে বিভিন্ন জেলা-উপজেলায় সন্দেহভাজন শ্রমিকদের বাড়িতে খোঁজখবর নিচ্ছে পুলিশ। তাঁদের মধ্যে প্যাসিফিক গ্রুপের প্রতিষ্ঠান জিনস-২০০০ লিমিটেডের কয়েকজন শ্রমিক রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তবে কোনো শ্রমিককে বিনা কারণে হয়রানি করা হবে না বলে জানান তিনি।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় শ্রমিকদের হয়রানি করা হচ্ছে—এমন দাবি করে আবার কর্মবিরতিতে যান কয়েকজন শ্রমিক। তারা মামলা প্রত্যাহারের দাবি জানান। তাদের কর্মসূচিতে তাদের মধ্যেই হট্টগোল লেগে যায়। তারাই কাজ বন্ধ করে দেন। কারখানায় এখন কাজ বন্ধ।
এসএন/