জয়পুরহাটে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের লাইসেন্স বহাল রাখা ও টি.ও. লাইসেন্স রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
রবিবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার প্রায় ৩শ’ খুচরা সার ডিলার অংশ নেন। মানববন্ধনের শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বারী দুদু, সহ সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল বাশার মন্ডল বক্তব্য রাখেন।
তারা জানান, অন্তর্বর্তী সরকার সার বিপণনের বিদ্যমান ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের বিষয় অন্তর্ভুক্ত থাকায় দেশের প্রায় ৪৫ হাজার খুচরা বিক্রেতা বিপদের মুখে পড়তে পারেন।
বক্তারা বলেন, 'দেশের কৃষি উৎপাদন টেকসই রাখতে খুচরা সার বিক্রেতারা অপরিহার্য ভূমিকা পালন করছেন। তাই নতুন সার নীতিমালা প্রণয়নের সময় খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষা করে তাদের লাইসেন্স বহাল রাখার দাবি জানান তারা।'
সাগর কুমার/রিফাত/