বেনাপোলে নিখোঁজের দুই দিন পর আব্দুল আলিম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল আলিম পোর্ট থানার সাদিপুর গ্রামের শাহাদত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা ১ নম্বর ঘিবা গ্রামের রাস্তার পাশে একটি ডোবার পানিতে একজনের মরদেহ ভাসতে দেখেন। এ সময় তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় নিহতের ভাই ইব্রাহিম হোসেন মরদেহ সনাক্ত করেন। গত শনিবার ঘিবা গ্রামে নানার বাড়ির উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় আব্দুল আলিম। খোঁজাখুঁজির দুইদিন পর তার মরদেহ আজ ডোবা থেকে উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক সাহা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার সকালে ঘিবা গ্রাম থেকে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
নজরুল ইসলাম/মৌসুমী/