ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ১নং ও ২নং প্ল্যাটফর্মে কিছু সময়ের ব্যবধানে দুই দফায় সিগন্যাল পোস্টের ক্যাবল চুরির ঘটনা ঘটেছে।
এর ফলে সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে পারছে না।
সংশ্লিষ্টদের দাবি, চলতি মাসে প্রায় প্রতিদিনই সিগন্যাল ক্যাবল চুরির ঘটনা ঘটছে। এর আগে গত মাসে স্টেশন এলাকা থেকে একটি ট্রান্সফরমারও চুরি হয়। এসব ঘটনায় ট্রেন পরিচালনায় বিঘ্ন ঘটছে এবং যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেন পরিচালনায় সিগন্যালব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাল, সবুজ ও হলুদ সংকেতের মাধ্যমে ট্রেন থামা ও চলার নির্দেশ দেওয়া হয়। এসব সংকেত নিয়ন্ত্রণে ব্যবহৃত বিশেষ ধরনের তার বা ক্যাবল এখন চোরদের টার্গেটে পরিণত হয়েছে।
জানা গেছে, ঢাকা–চট্টগ্রাম রেলপথের আশুগঞ্জ থেকে আখাউড়া এবং আখাউড়া–সিলেট রেলপথের হবিগঞ্জের নোয়াপাড়া পর্যন্ত নিয়মিত সিগন্যাল ক্যাবল চুরির ঘটনা ঘটছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তার চুরি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি এলাকাবাসীকেও সতর্ক থাকতে হবে।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. নূর নবী বলেন, ‘সকালে স্টেশনে এসে বিষয়টি জানতে পারি। ১নং ও ২ নং প্ল্যাটফর্মের লাইন দিয়ে ট্রেন ঢুকতে পারছে না। আপাতত ৩নং প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’
ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (সংকেত) মো. জোবায়ের বলেন, ‘আখাউড়া দেবগ্রাম এলাকায় সিগন্যাল পোস্টের তার চুরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছে। কত পরিমাণ তার চুরি হয়েছে তা যাচাই চলছে। নতুন করে তার লাগানোর কাজ চলছে, তবে এতে কিছুটা সময় লাগবে।’
আখাউড়া রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, ‘এর আগে এমন চুরির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকের ঘটনারও তদন্ত চলছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
জুটন বনিক/রিফাত/