চট্টগ্রামের হাটহাজারীতে ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুনিয়া পুকুরের পশ্চিমে মুন্সি বাড়ির পাশে ডোবায় মরদেহটি দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।
এর আগে গতকাল সোমবার হাটহাজারী থেকে অজ্ঞাত দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, মরদেহে ডিশের তার প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে- অন্য জায়গায় হত্যা করে মরদেহ এই ডোবায় ফেলে রেখে গেছে।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছেন এই ব্যক্তি ভিক্ষুক ছিলেন। সোমবার বিকেলে তাকে অনেকে ভিক্ষা করতে দেখেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার বিষয়ে জানা যাবে।
এর আগে সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসভার আলমপুর থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি এবং মদুনাঘাট এলাকা থেকে ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুইয়া বলেন, মরদেহগুলোর বিষয়ে তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অমিয়/