নোয়াখালীর হাতিয়ায় অসহায় শীতার্তদের মাঝে লেপ বিতরণ করেছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন হাতিয়া মানবকল্যাণ ফোরাম।
শনিবার (২৭ নভেম্বর) সকালে নিঝুমদ্বীপ ইউনিয়নসহ কয়েকটি এলাকায় মোট ১১০টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিশেষ করে প্রবীণ, শিশু ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ লাঘব করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
লেপ বিতরণের পাশাপাশি সুবিধাভোগী পরিবারগুলোকে যাতায়াতের ভাড়াও দেওয়া হয়।
সংগঠনের সভাপতি মুর্তুজা মাহমুদ রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ বাপ্পির তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন - প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা ডা. মো. জোবায়ের, সাবেক সভাপতি মাকছুদের রহমান, উপদেষ্টা সদস্য মো. নিরব উদ্দিন, স্থায়ী কমিটির সদস্য মো. শরিফ উদ্দিন, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, সহসভাপতি জাফর উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য নাহিদুল ইসলাম তুহিন, ফজলে রাব্বি, নাঈম উদ্দিন, জিহাদ, মিনহাজ, ফয়েজ উদ্দিন ও বাবলু প্রমুখ।
লেপ পাওয়ার পর নিঝুমদ্বীপের বৃদ্ধা হাজেরা বিবি (৭৫) বলেন, ‘আমার ঘরে পুরাতন একটি কাঁথা ছাড়া কিছুই ছিল না। এই কনকনে শীতে খুব কষ্ট হচ্ছিল, রাতে ঘুমাতে পারতাম না। এই লেপটা আমার জন্য আল্লাহর রহমত।’
প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা ডা. মো. জোবায়ের বলেন, ‘আমরা শুধু শীতবস্ত্র নয়, বছরের বিভিন্ন সময়ে অসহায় পরিবারকে সহায়তা, শিক্ষার্থীদের জন্য কর্মসূচি, রমজানে ইফতার বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গৃহহীনদের ঘর নির্মাণ, বন্যায় ত্রাণ - এসব মানবিক কাজ নিয়মিতভাবে করে আসছি। আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
হানিফ উদ্দিন/অমিয়/