ফরিদপুরের চরভদ্রাসনে আট বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের দায়ে মো. মোজাম্মেল হক (২২) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উত্তর আলম নগর মধুসিকদারের ডাঙ্গী এলাকায় গত ৪ ডিসেম্বর ভোরে মোল্লাবাড়ি জামে মসজিদে আরবি পড়তে যায় শিশুটি। এ সময় ওই মসজিদের ইমাম মো. মোজাম্মেল হক শিশুটিকে কৌশলে আটকে রাখেন। এর পর মসজিদের গেটটি বন্ধ করে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে তাকে ভয় দেখিয়ে বিষয়টি কাউকে বলতে নিষেধ করেন। তবে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানিয়ে দেয়।
এরপর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে বিচার না পেয়ে শিশুটির মা বাদী হয়ে ৫ ডিসেম্বর চরভদ্রাসন থানায় মামলা করেন। এরপর ওই মসজিদের ইমামকে ঢাকার খিলখেত এলাকা থেকে পুলিশ আটক করে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুজ্জামান বলেন, 'বিষয়টি নিয়ে শিশুটির মা থানায় মামলা করলে আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে মোজাম্মেল হককে ঢাকা থেকে গ্রেপ্তার করি। এরপর সোমবার তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।'
সঞ্জিব/মেহেদী/