নবাগত কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এ.এন.এম. সাজেদুর রহমান টেকনাফ মডেল থানা ও বাহারছড়া তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন। দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই তিনি মাঠ পর্যায়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানতে সরেজমিনে এসব স্থাপনায় গিয়েছেন।
শনিবার (৮ ডিসেম্বর) রাতে ঘুরে ঘুরে তিনি সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন কালে তিনি থানা ও তদন্ত কেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা, এবং দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের কর্মসম্পাদন সম্পর্কে খোঁজখবর নেন। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং আরও জোরদারের নির্দেশনা দেন। পাশাপাশি অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং বিধি অনুযায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন।
এসপি সাজেদুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের বিভিন্ন এলাকায় পদায়ন করা হয়েছে। আমি এবং টেকনাফের নতুন ওসি আমরা দায়িত্বপূর্ণ এলাকার স্থাপনা, অবস্থান ও পরিস্থিতি সম্পর্কে জানতে সরেজমিনে কাজ শুরু করেছি।
তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনি তফসিল ঘোষণার পর অস্ত্রের সক্রিয়তা আরও কমে যাবে। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার কারণে এবার সাধারণ মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।
অপহরণ ও মানবপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে এসপি বলেন, অপহরণ ও মানবপাচার প্রবণ এলাকা গুলোতে আমি ব্যক্তিগত ভাবে যাব। সেখানকার বাসিন্দাদের কথা শুনব। বাহারছড়ার হটস্পটগুলো ইতোমধ্যে চিহ্নিত করেছি। স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে প্রস্তুত, তাদের সঙ্গে নিয়েই আমরা অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেব।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস, উখিয়া-টেকনাফ সার্কেল, টেকনাফ মডেল থানার নবাগত ওসি মো. সাইফুল ইসলাম, ওসি তদন্ত (পরিদর্শক) হিমেল রায়, অপারেশন অফিসার (পরিদর্শক) কামাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
শাহীন/নাঈম