সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আসা লাখ টাকা মূল্যের কসমেটিকসসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী রাস্তার উপর চেকপোস্ট করাকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ২ জনকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী রাস্তায় চেকপোস্ট করাকালে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এসময় সিএনজি অটোরিকশায় ভারত থেকে অবৈধভাবে আসা কসমেটিকস পাওয়া যায়। কসমেটিসের মধ্যে আছে বোতল অলিভ অয়েল ও বডি লোশন। এসব কসমেটিকসের বাজার মূল্য ১ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা। এসময় সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয় ও ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন জৈন্তাপুর উপজেলার শ্যামপুর দলইপাড়া গ্রামের কুতুব শিকদারের ছেলে মাসুম শিকদার (৩০) ও একই উপজেলার ফতেপুর ইসলাম নগর গ্রামের মৃত মরম আলীর ছেলে মো. রায়হান (২৫)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানা মামলা করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাকিলা ববি/মাহফুজ