সিলেটে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) ও রবিবার (১৪ ডিসেম্বর) মহানগর এলাকায় অভিযান চালিয়ে এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী আটকরা হলেন, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার কায়স্থরাইল কনকর্ড আবাসিক এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য তায়েফ আহমদ (৩৬), সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া গ্রামের মৃত মিটু মিয়ার ছেলে মো. ফেরদৌস রহমান (২৩), বর্তমানে সিলেটের এয়ারপোর্ট থানার হাউজিং এস্টেট এলাকায় বসবাসরত, সিলেট জেলার জালালাবাদ থানার সোনাতলা এলাকার খুরশিদ আলীর ছেলে ও স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক কমিটির সদস্য তানজির আলী (৩৫), সিলেট জেলার মোগলাবাজার থানার জাহানপুর এলাকার মৃত সাজিদ আলীর ছেলে ও মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবিদুর রহমান আবিল (৪৬), সিলেট জেলার শাহপরান (রহ.) থানার নোয়াগাঁও সাদিপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে ও ২৪ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন (৩৫) এবং একই থানার মেন্দিবাগ এলাকার মৃত তাজ উদ্দিনের ছেলে ও মহানগর যুবলীগের সক্রিয় সদস্য মো. তুহেল আহমেদ (৩৩)।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট’ -এর দ্বিতীয় ধাপ ‘ফেজ-২’ শুরু হয়েছে। রাজনৈতিক সহিংসতা, অস্ত্রধারী সন্ত্রাসী তৎপরতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সিলেটে গ্রেপ্তার ব্যক্তিরা বিস্ফোরক উপাদানাবলী আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডে দায়ের হওয়া মামলার সন্দেহভাজন। তাদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাকিলা ববি/মাহফুজ