ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
পাতাল রেল প্রকল্পে ১১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব কেমন ছিল দেশের প্রথম বাজেট? বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম বাজেটে শিক্ষাখাতে বাড়ছে বরাদ্দ বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম আজকের মুদ্রা বাজার: ১১ জুন ২০২৬ মার্কিন হামলায় ইরানের পানি সরবরাহে বিপর্যয় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের হামলায় কুয়েতের আকাশসীমা বন্ধ বাজেট বাস্তবায়নের প্রধান ৭ বাধা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ৩ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের কানাডায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিল উত্থাপন রাসুল (সা.)-এর পিঠে কেমন ছিল মোহরে নবুওয়াত? টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী টিভিতে আজকের খেলা মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা হরমুজ প্রণালী দিয়ে গোপনে ১০ কোটি ব্যারেল তেল পার করা: ট্রাম্প শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২১ শিশু ভর্তি চকরিয়ায় পুলিশ পরিচয়ে কারারক্ষীর বাড়িতে ডাকাতি শিবচরে দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে বিতর্ক প্রতিযোগিতা রংপুরে মিনিবাসের চাকা ফেটে নিহত ১, আহত ৩৪ সালথায় মাদরাসাশিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ সুপারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার ২০২৬ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এনআইএলএস এআইইউবি চ্যাপ্টারের উদ্বোধনী অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামবেন হাতিয়ার লক্ষাধিক জেলে
Nagad desktop

চট্টগ্রামে বিজয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
চট্টগ্রামে বিজয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ছবি: খবরের কাগজ

মহান বিজয় দিবসে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরের উত্তর কাট্টলীতে সাগর তীরের টোল রোড-সংলগ্ন অস্থায়ী স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

শুরুতে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এরপর একে একে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান শ্রদ্ধা নিবেদন করেন। তারপর চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ফুল দিতে আসা মানুষের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড, স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা। 

শ্রদ্ধা নিবেদন শেষে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ এই চট্টগ্রাম থেকে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার মধ্য দিয়ে একটি রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো শহিদের রক্তের বিনিময়ে আমরা ১৯৭১ সালের আজকের এই দিনে স্বাধীন হয়েছি। আজকে বিজয়ের এই দিনে স্মরণ করছি লাখো শহিদদের, যাদের জীবনের বিনিময়ে, মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে, আমরা একটা লাল-সবুজের পতাকা পেয়েছি। স্বাধীনতা ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এদিকে সকাল ৮টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে অংশ নেয়। 

অন্যদিকে, সকাল ১০টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে সিটি করপোরেশন। বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। বিজয় দিবসকে কেন্দ্র করে শিশু পার্ক, ডিসি পার্ক, জাদুঘর ও চিড়িয়াখানা শিশুদের জন্য উন্মুক্ত ও বিনা টিকেটে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া আউটার স্টেডিয়াম এবং লালদীঘি পাড়সহ বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদসহ বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্য উপাসনালয়ে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এসজি/

শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩৫ এএম
শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস
মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস। ছবি: খবরের কাগজ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে শুরু হয়েছে সমর্থকদের নানা আয়োজন। প্রিয় দলের পতাকা টাঙানো, বাড়িঘর রঙ করা কিংবা ব্যানার-পোস্টারে সাজানোর দৃশ্য প্রায়ই দেখা যায়। তবে, শেরপুরের নালিতাবাড়ীতে এক পরিবহন ব্যবসায়ী নিজের ভালোবাসার দল আর্জেন্টিনাকে ভিন্নভাবে সাজিয়ে তৈরি করেছেন এক ব্যতিক্রমী নজির।

উপজেলার পরিবহন উদ্যোক্তা ও মাকসিম ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম তার প্রতিষ্ঠানের একটি যাত্রীবাহী বাসকে সাজিয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের আদলে।

নীল-সাদা রঙে মোড়ানো বাসটির গায়ে ফুটে উঠেছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বড় আকৃতির প্রতিকৃতি, যা সহজেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। বাসটির নকশায় আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ থাকলেও দেশের প্রতি শ্রদ্ধা জানাতে মাঝামাঝি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। পাশাপাশি বড় অক্ষরে লেখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’।

স্থানীয়রা জানান, বাসটি সড়কে চলাচল শুরু করার পর থেকেই এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই বাসটির ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে বিষয়টি দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জানা গেছে, মাকসিম ট্রাভেলসের বাসটি প্রতিদিন দুপুর ১২টায় নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীর পথে যাত্রা শুরু করে। ফুটবল দলের থিমে পুরো একটি যাত্রীবাহী বাস সাজানোর এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রথম হওয়ায় যাত্রীদের মধ্যেও বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

আর্জেন্টিনা সমর্থক বাবু চক্রবর্তী বলেন, বিশ্বকাপ এলেই নানা ধরনের সাজসজ্জা চোখে পড়ে। কিন্তু একটি যাত্রীবাহী বাসকে এভাবে পুরোপুরি আর্জেন্টিনার পরিচয়ে সাজানো সত্যিই ব্যতিক্রমী। বাসটি দেখেই ফুটবল উৎসবের আবহ অনুভব করা যায়।

আরেক সমর্থক তারিকুল ইসলাম বলেন, মেসির ছবি ও আর্জেন্টিনার রঙে সাজানো বাসটি প্রথম দেখেই ভালো লেগেছে। এটি শুধু সমর্থনের প্রকাশ নয়, ফুটবলপ্রেমীদের জন্যও একটি আকর্ষণীয় উদ্যোগ। এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে।

সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান সোহেল বলেন, বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন ধরনের আয়োজন দেখা গেলেও এই বাসটি বিশেষভাবে মানুষের নজর কাড়ছে। এটি এখন শুধু একটি যানবাহন নয়, বরং ফুটবলপ্রেমীদের আগ্রহ ও আবেগের প্রতীক হয়ে উঠেছে।

উদ্যোক্তা গোলাম কিবরিয়া মাকসিম বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের সময় ফুটবল ঘিরে মানুষের যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়, সেই আবহকে আরও প্রাণবন্ত করে তুলতেই তিনি বাসটিকে নতুন রূপ দিয়েছেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি আমি চেয়েছি যাত্রী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের অনুভূতি ছড়িয়ে দিতে। বাসটি সড়কে নামার পর মানুষের ইতিবাচক সাড়া আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি আর্জেন্টিনার সমর্থক হলেও দেশের পরিচয়ই সবার আগে। সে কারণেই বাসে বাংলাদেশের পতাকা এবং ‘সবার আগে বাংলাদেশ’ বার্তাটি বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

শাকিল মুরাদ/অন্তরা

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩৫ এএম
চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু
নিহত বড় ভাই শাহাবুদ্দিন (বামে) ও ছোট ভাই মোহাম্মদ পেয়ারুল ইসলাম (ডানে)। ছবি: পরিবারের সৌজন্যে

চট্টগ্রাম নগরীর ২নং গেইট এলাকায় ট্রেন দুর্ঘটনায় শাহাবুদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ন্যাশনাল ব্যাংকের সাবেক ম্যানেজার এবং বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবির বড় ভাই। বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ছোট ভাই মোহাম্মদ পেয়ারুল ইসলামও (৬৪) মারা গেছেন। একই দিনে দুই সহোদরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন ও মোহাম্মদ পেয়ারু বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাঁপাছড়ি এলাকার মৃত ছাবের আহমদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিন চট্টগ্রাম নগরীর ২নং গেইট এলাকায় পরিবারের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবি জানান, বড় ভাই শাহাবুদ্দিনের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছানোর পর অসুস্থ মোহাম্মদ পেয়ারুল ইসলাম গভীরভাবে মর্মাহত হন। একপর্যায়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম শহরের রহমান নগরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

একই দিনে দুই সহোদরের মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। দুই ভাইয়ের করুণ মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

শফকত/নাঈম

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২১ শিশু ভর্তি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩২ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১০:৩৩ এএম
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২১ শিশু ভর্তি
ছবি: খবরের কাগজ

হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২১টি শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৮৮টি শিশু।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ১১ জুন সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ২ হাজার ২৫টি শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬টি শিশু। এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৮৮৯টি শিশু। সেখানে এ পর্যন্ত মোট ৪৯টি শিশুর মৃত্যু হয়েছে।

কামরুজ্জামান/আমান

চকরিয়ায় পুলিশ পরিচয়ে কারারক্ষীর বাড়িতে ডাকাতি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩১ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১২:২৭ পিএম
চকরিয়ায় পুলিশ পরিচয়ে কারারক্ষীর বাড়িতে ডাকাতি
ছবি: খবরের কাগজ
কক্সবাজারের চকরিয়ায় একের পর এক ডাকাতির ঘটনায় জনমনে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার পুলিশ পরিচয়ে এক কারারক্ষীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
 
ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুট করে নির্বিঘ্নে পালিয়ে গেছে।

মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাঁদের বাপেরপাড়া এলাকায় মাওলানা ফয়জুল আলমের বাড়িতে এই ঘটনা ঘটে।

মাওলানা ফয়জুল আলমের ছেলে আব্দুল্লাহ আল মুস্তাহিদ বর্তমানে কুমিল্লা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত আছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে একদল সশস্ত্র লোক তাদের বাড়ির দরজায় এসে নিজেদের ‘পুলিশ’ পরিচয় দেয়। বাড়িতে ‘আসামি লুকিয়ে আছে’ এমন দাবি করে তল্লাশির নামে তারা জোরপূর্বক ঘরের ভেতরে প্রবেশ করে।

ওই সময় বাড়িতে অবস্থান করছিলেন মুস্তাহিদের ছোট বোনের জামাই ওবায়দুল হক, যিনি নিজেও ফেনী জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত। ওবায়দুল হক ডাকাতদের হাতের অস্ত্রগুলো দেখে বুঝতে পারেন যে সেগুলো সরকারি কোনো অস্ত্র নয়।
 
তিনি দ্রুত বাড়ির নারী সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ডাকাত দল অস্ত্রের মুখে ওবায়দুল হকসহ বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে।
 
আসবাবপত্র তছনছ করে ডাকাতরা বাড়ি থেকে চার জোড়া স্বর্ণের কানের দোল, নগদ ৩০ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'ঘটনার পর পরই রাতে ডিউটিতে থাকা আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।'

রাজু দাশ/আজহার/

শিবচরে দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:২৯ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১২:১১ পিএম
শিবচরে দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে বিতর্ক প্রতিযোগিতা
ছবি: খবরের কাগজ

মাদারীপুরের শিবচর উপজেলায় দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং সমাজে সততা, নৈতিকতা ও জবাবদিহিতার মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনাকাটা সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর।

অনুষ্ঠান ব্যবস্থাপনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শিবচর।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম ইবনে মিজান।

কমিটির সভাপতি মো. আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক।

বির্তক প্রতিযোগিতায় অংশ নেন মাদবরের চর আর এম উচ্চ বিদ্যালয়, শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউটশন, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়, শিবচর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পাচ্চর উচ্চ বিদ্যালয়, উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম বিদ্যালয়, ভদ্রাসন জিসি একাডেমি। পরে তাদের মধ্যে থেকে সেরাদের পুরস্কৃত করা হয়।

আয়োজকরা খবরের কাগজকে জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলা এবং ন্যায়-নীতি ও সততার চর্চা বৃদ্ধির উদ্দেশ্যে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তুলবে এবং একটি সুশাসনভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিবচর সরকারী বরহামগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক বজলুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুর রহমন, উপজেলা সহকারী প্রোগ্রামার সজিব চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।

দুর্নীতি বিরোধী এ বিতর্ক প্রতিযোগিতায় ২৩৮ পয়েন্ট পেয়ে পক্ষের দল শিবচর সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ২৩২ পয়েন্ট পেয়ে বিপক্ষের দল পাচ্চর উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। বিতর্ক প্রতিযোগিতায় ৮৭.৫ পেয়ে সেরা বক্তার পুরষ্কার লাভ করেন পাচ্চর উচ্চ বিদ্যালয়ের ছাত্র কার্জন কাউছার।

রফিকুল ইসলাম/থিও