ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
অভিনয়ে লাক্স সুপারস্টার বর্ণিতা গলায় ফাঁস দিয়ে অভিনেত্রীর আত্মহত্যা চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বৃক্ষরোপণ যে আশ্বাস শুনলে সব ভয় দূর হয়ে যাবে বৈশ্বিক চিকিৎসাসেবায় বেক্সিমকো ফার্মার নতুন মাইলফলক নাফ নদীতে ২ নৌকাসহ ৭ জেলে আটক করেছে আরাকান আর্মি চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু বিশ্বকাপ উন্মাদনায় খবরের কাগজে প্রতিদিন ৪ পৃষ্ঠার বিশেষ আয়োজন কাজের আশায় রাশিয়ায়, প্রাণ গেল ড্রোন হামলায় কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রালে রাশিয়ার হামলায় নিহত ১১ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র বিমানের ঢাকা-নারিতা রুট পুনরায় চালু ২৭ জুলাই দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গাজীপুর: সেমিনারে বক্তারা জুলাই হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নামঞ্জুর প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জন নিহত মাগুরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু আইফোনের ক্যামেরার নিয়ন্ত্রণ এয়ারপডসে হাংচৌতে চায়না এআই উদ্যোক্তা সম্মেলন শুরু রংপুরের বাজারে আসছে হাড়িভাঙ্গা আম ইসাক-গাইকোরেস রসায়নে মুগ্ধ কোচ পটার মাগুরার জেলা প্রশাসককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব চীনে বছরে ১ কোটি ৫০ লাখের বেশি মানুষের রক্তদান বাজেট কি শিশুবান্ধব ও শিশুর খাতে দৃশ্যমান? পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি হোটেল হলিডে ইনে ম্যাচডে ফিস্ট বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ জন-আকাঙ্ক্ষার বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি বড় চ্যালেঞ্জ
Nagad desktop

প্রকৃত মুক্তিযোদ্ধারা নীরবে হারিয়ে যাচ্ছেন: মেয়র শাহাদাত

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
প্রকৃত মুক্তিযোদ্ধারা নীরবে হারিয়ে যাচ্ছেন: মেয়র শাহাদাত
বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: খবরের কাগজ

বর্তমানে অনেক অনৈতিকভাবে মুক্তিযোদ্ধার পরিচয় দানকারী ব্যক্তি সামনে চলে আসছে, আর প্রকৃত মুক্তিযোদ্ধারা নীরবে হারিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান ১১০ জন বীর মুক্তিযোদ্ধাকে  সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও সম্মানীর অর্থ তুলে দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন আরও বলেন, গত বছরই আমি সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ করেছি— দেশে প্রকৃত কতজন মুক্তিযোদ্ধা আছেন, তাদের সঠিক তালিকা প্রণয়ন করা অত্যন্ত জরুরি। সেই তালিকায় নাম, পরিচয়, মোবাইল নম্বর অথবা মোবাইল না থাকলে ঠিকানা থাকা দরকার। কারণ বর্তমানে অনেক অনৈতিকভাবে মুক্তিযোদ্ধার পরিচয় দানকারী ব্যক্তি সামনে চলে আসছে, আর প্রকৃত মুক্তিযোদ্ধারা নীরবে হারিয়ে যাচ্ছেন।

প্রকৃত মুক্তিযোদ্ধারা  যুদ্ধ করেছেন নিঃস্বার্থভাবে, নীরবে। মুক্তিযুদ্ধের সময় আমাদের পরিবার ঘরছাড়া হয়েছিল। চন্দনাইশে আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ধানক্ষেতের মধ্যে লুকিয়ে আমরা প্রাণ বাঁচিয়েছিলাম। রাজাকারদের হাতে সেই বিভীষিকাময় সময় এখনো চোখে ভাসে।  এজন্য যদি আজ প্রকৃত মুক্তিযোদ্ধারা আর বেঁচে না থাকেন, তাহলে অন্তত তাদের পরিবারগুলোকে খুঁজে বের করতে হবে। 

তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে খাটো করতে ইতিহাস বিকৃতির অপচেষ্টা হয়েছে। এজন্য নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে  রাষ্ট্রের দায়িত্ব হলো প্রকৃত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মান নিশ্চিত করা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করা।

মেয়র বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল একটি স্বপ্ন নিয়ে— সমতা, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন। মুক্তিযোদ্ধারা কখনো ভাতা বা ব্যক্তিগত প্রাপ্তির কথা চিন্তা করেননি। তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন কেবলমাত্র এই দেশকে স্বাধীন করার জন্য। স্বাধীন হওয়া এদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার ৫৫ বছরে আমরা কী অর্জন করেছি আর কী অর্জন করতে পারিনি— তা আমাদের আত্মসমালোচনার বিষয়। যেখানে ঘাটতি রয়েছে, সেখানেই আমাদের কাজ করতে হবে। কেবল আনুষ্ঠানিকতা রক্ষা করলে চলবেনা, মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা— একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ— সেটাই আমাদের সার্বক্ষণিক লক্ষ্য হওয়া উচিত। তাদের আদর্শ আমাদের রাষ্ট্র পরিচালনা ও সমাজ গঠনের প্রতিটি স্তরে প্রতিফলিত হতে হবে।

শাহাদাত হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ এই সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

চসিকের ভারপ্রাপ্ত  প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মতিচারণ ও আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের আহ্বায়ক কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন,  থিয়েটার ইন্সটিটিউটের পরিচালক অভীক ওসমান, শহিদ আবুল মনসুরের ভাই ডা. রকিবুল্লাহ প্রমুখ। 

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেয়র ডা. শাহাদাত হোসেন ডিসি পার্কের দক্ষিণ পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসএন/

নাফ নদীতে ২ নৌকাসহ ৭ জেলে আটক করেছে আরাকান আর্মি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:৫১ পিএম
নাফ নদীতে ২ নৌকাসহ ৭ জেলে আটক করেছে আরাকান আর্মি
ছবি: খবরের কাগজ

নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা-সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ সাতজন বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি। আটক নৌকা দুটির একটি শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়ার মো. ফয়সালের এবং অপরটি কোনাপাড়া এলাকার শওকতের মালিকানাধীন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে শাহপরীরদ্বীপের প্রায় ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে নাফ নদী-সংলগ্ন বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাতজন জেলেকে আটক করে নিয়ে যায়। আটক জেলেদের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

আটক জেলেরা হলেন শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়া এলাকার কালা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫), কামাল হোসেনের ছেলে মো. জলিল (১৪), আব্দুস শুক্কুরের ছেলে আজম উল্লাহ (১২), মো. রফিকের ছেলে হেলাল (১২), মিস্ত্রিপাড়া এলাকার সব্বির আহমেদের ছেলে ফয়সাল আহমেদ (২৪), কোনাপাড়া এলাকার সলিম উল্লাহর ছেলে সৈয়দুর রহমান (২০) এবং সৈয়দ আলম।

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, মাছ শিকারের উদ্দেশ্যে যাওয়ার সময় তারা দূর থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাকে নিয়ে যেতে দেখেন। পরে বিষয়টি অন্য জেলেদের মোবাইল ফোনে জানানো হয়।

স্থানীয় সূত্র আরও জানায়, মাছ ধরার সময় জেলেদের সঙ্গে থাকা দুটি ইঞ্জিনচালিত নৌকা আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় প্রশাসন, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আটক জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া চলছে।

শাহপরীরদ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মন্নান বলেন, সকালে মাছ ধরার সময় আমার ওয়ার্ডের দক্ষিণপাড়ার ফয়সালের মালিকানাধীন নৌকাসহ চার জেলেকে আটক করেছে আরাকান আর্মি। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মো. অনীক চৌধুরী জানান, মায়ানমারের জলসীমায় প্রবেশের সময় ৭ জন জেলেসহ দুটি মাছ ধরার নৌকা আটকের বিষয়টি কোস্ট গার্ড নিশ্চিত করেছে। ঘটনাটি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে আটক জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে, এর আগে গত ৯ মে দুপুর ২টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়কের নেতৃত্বে দুটি ফাইবার স্পিডবোট ও একটি কাঠের ট্রলার নিয়ে নাফ নদীর জিরো লাইন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আরাকান আর্মির হেফাজতে থাকা ১৪ জন বাংলাদেশি জেলেকে যাচাই-বাছাই শেষে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

পরে তাদের টেকনাফের মায়ানমার ট্রানজিট জেটিঘাটে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর থানার মাধ্যমে জেলেদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শাহীন/রিফাত/

চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী (২২) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে ঝড় বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে তিনি মারা যান। 

মারা যাওয়া যুবক অন্তর- শিবগঞ্জ পৌর এলাকার চক দৌলতপুর মণ্ডল টোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিকেলে বৃষ্টিতে মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ বজ্রপাত হলে অন্তর গুরুতর আহত হন। পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আসাদুল্লাহ/নাঈম

কাজের আশায় রাশিয়ায়, প্রাণ গেল ড্রোন হামলায়

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:২২ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
কাজের আশায় রাশিয়ায়, প্রাণ গেল ড্রোন হামলায়
ছবি: সংগৃহীত

জীবিকার আশায় রাশিয়ায় গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। একটি অডিও বার্তাকে কেন্দ্র করে ড্রোন হামলায় তাদের নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে পরিবার ও স্বজনদের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।

সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে কেন্দ্র করে এ খবর এলাকায় ছড়িয়ে পড়েছে।  

নিখোঁজ দুই যুবক হলেন- উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা চাইলেনিপাড়া গ্রামের বানু মিয়ার ছেলে মাফুল ওরফে মফিজ (২৩) এবং সিধুলী ইউনিয়নের রায়েরছড়া গ্রামের তারা মিয়ার ছেলে আরিফ হোসাইন (২৭)।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ মে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান মাফুল ও আরিফ। মাফুলকে চাঁদপুরের এক দালাল এবং আরিফকে স্থানীয় এক দালালের মাধ্যমে সেখানে পাঠানো হয়। তাদের রাজমিস্ত্রি ও ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর প্রতারণার মাধ্যমে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে পরিবারের সদস্যদের কাছে অভিযোগ করেন তারা।

স্বজনদের দাবি, অর্থের বিনিময়ে দালাল চক্র তাদের রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। বিদেশে যাওয়ার পর মাফুল ও আরিফ ফোনে পরিবারকে জানিয়েছিলেন, প্রতিশ্রুত কাজ না দিয়ে তাদের যুদ্ধের এলাকায় নেওয়া হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সর্বশেষ গত ২৯ মে তাদের সঙ্গে কথা হয়। এরপর থেকে দুজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে তারা জানতে পারেন, ড্রোন হামলায় ওই দুই যুবক নিহত হয়েছেন বলে খবর রয়েছে।

মাফুলের মা মাহফুজা বেগম বলেন, ‘আমার ছেলে কাজের জন্য বিদেশে গিয়েছিল। এখন শুনছি সে আর বেঁচে নেই। আমি আমার ছেলের মরদেহ দেশে ফেরত চাই। যারা তাকে বিদেশে নিয়ে গেছে, তাদের বিচার চাই।’

মাফুলের বোন কণিকা বলেন, ‘আমার ভাইকে রাজমিস্ত্রির কাজ দেওয়ার কথা বলে রাশিয়ায় নেওয়া হয়েছিল। পরে জানতে পারি, তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ফোনে কাঁদতে কাঁদতে সে আমাদের বাঁচানোর আকুতি জানিয়েছিল। এখন তার মৃত্যুর খবর শুনছি।’

এদিকে, আরিফের বাবা তারা মিয়া বলেন, ‘ইলেকট্রিশিয়ানের কাজ করানোর কথা বলে আরিফকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় দালাল আমিনুর ইসলাম সুজার মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে তাকে পাঠানো হয়েছিল। গত ২৯ মে থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।’

আরিফের চাচাতো ভাই আনন্দ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি, আরিফ রাশিয়ায় ড্রোন হামলায় নিহত হয়েছে। গত ২৯ মে থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ঋণ করে আরিফকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু দালালরা প্রতারণা করেছে। কাজের কথা বলে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তি চাই।’

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী আজ দুপুরে জানান, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। দূতাবাসের মাধ্যমে না গিয়ে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বিদেশে যাওয়া মোটেও ঠিক হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। তবে ভুক্তভোগী পরিবার লিখিত আবেদন করলে প্রয়োজনীয় পরামর্শ ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

রিফাত/

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গাজীপুর: সেমিনারে বক্তারা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:০০ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৬:১৩ পিএম
দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গাজীপুর:  সেমিনারে বক্তারা
ছবি: খবরের কাগজ

বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প ও কর্মসংস্থান কেন্দ্র গাজীপুর জেলায় মোট ৩ দশমিক ৯৪ লাখ অর্থনৈতিক ইউনিট এবং ২৫ লাখ ৩০ হাজার কর্মরত জনবল রয়েছে। দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে অর্থনৈতিক শুমারি ২০২৪- ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৫ জুন) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক সম্মেলনে এ তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক  মো. নূরুল করিম ভুঁইয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম।

এ সময় জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া শুমারির পরিধি আরও বিস্তৃত করার ওপর জোর দিয়ে বলেন, ক্ষুদ্রতর ব্যবসা প্রতিষ্ঠান কিংবা পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকেও অর্থনৈতিক শুমারির আওতায় আনা এবং তাদের কাছে এর গুরুত্ব বোঝানো প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের সুবিধার্থে শুমারি বা সার্ভেতে জটিল শব্দ পরিহার করে সবার জন্য সহজে বোধগম্য ‘টার্ম’ বা শব্দ ব্যবহার করা উচিত। শিল্পের আধিক্য এবং শক্তিশালী এসএমই  খাতের কারণে গাজীপুর বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত।  

পলাশ/রিফাত/

মাগুরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
মাগুরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চ্যামেলী বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সব্দালপুর ইউনিয়নের মোর্তজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চ্যামেলী বেগম মোর্তজাপুর গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির ছাদের ওপর আম পাড়ার সময় হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে তার শরীরের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ মাগুরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শ্রাবণ/রিফাত/