ছবি: খবরের কাগজ
মাঠে বল গড়ানোর অনেক আগে থেকেই স্টেডিয়ামমুখী মানুষের ঢল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে গ্যালারিতে প্রবেশ করছেন ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচকে কেন্দ্র করে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম (সাগরিকা) এখন উৎসবের নগরী। ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম বাংলাদেশের লড়াই দেখতে গ্যালারি এখন দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ।
শুক্রবার (১৯ জুন) দুপুর থেকেই চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন আর লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে মাঠে আসতে শুরু করেন দর্শকরা। ম্যাচ শুরু হতেই গ্যালারি থেকে আসা গগনবিদারী স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো সাগরিকা অঞ্চল। বন্দরনগরীর দর্শকদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস ও অকুণ্ঠ সমর্থন মাঠে ক্রিকেটারদের বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।
আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটারদের চাপে রাখার চেষ্টা করছেন বাংলাদেশের বোলাররা। আর মাঠের প্রতিটা ভালো ডেলিভারি ও ফিল্ডিংয়ের কৃতিত্ব দর্শকরা উদযাপন করছেন করতালির মাধ্যমে। সাগরিকার এই চেনা গর্জন ও দর্শকদের বিপুল উপস্থিতি মাঠের লড়াইয়ে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে রাখবে এবং শেষ পর্যন্ত একটি রোমাঞ্চকর জয় উপহার দেবে-এমনটাই প্রত্যাশা চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীদের।
প্রায় ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরেছিলো স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচ হারলে হবে সিরিজ পরাজয়। তাই জেতার জন্য লড়ছে বাংলাদেশ।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্রিকেট দেখতে আসা রফিকুল ইসলাম খবরের কাগজকে বলেন, আজ বাংলাদেশকে অবশ্যই জিততে হবে। শুরু থেকে সুন্দর খেলা উপভোগ করছি। আশা করছি দ্বিতীয় ম্যাচ জিতবে প্রিয় দল।
চট্টগ্রামের ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম খবরের কাগজকে বলেন, বেশ জমেছে এ টি-টোয়েন্টি সিরিজ। প্রতিটি ওভারে দর্শকদের উন্মাদনা দেখা যাচ্ছে। টি-টোয়েন্টি সিরিজে সব সময় উত্তেজনা থাকে। এবারে চট্টগ্রামের ম্যাচেও তাই দেখা যাচ্ছে।
আবদুস সাত্তার/থিওটোনিয়াস