নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সন্ধ্যার পর এনসিপির ওই নেতা ও তার সহযোগীরা দরবেশ বাজার এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে এনসিপির ৭ জন ও বিএনপির ২ জন আহত হন।
এনসিপির আহতরা হলেন- চানন্দী ইউনিয়ন এনসিপির আহ্বায়ক জাকের হোসেন, হাতিয়া উপজেলা জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, ছাত্রশক্তির রবিন, এনসিপি নেতা জাফের, দুলাল ও শাহাদাত।
বিএনপির আহতরা হলেন- সারওয়ার ও শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সারু।
এনসিপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, চানন্দী ইউনিয়নের নদীতীরে করিম বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তা কেটে ইট, বালু ও পাথর বিক্রি করছিল স্থানীয় বিএনপির নেতা সারোয়ার মাঝি, চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রবি আলম শান্তসহ কয়েকজন। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বাসায় ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে বিএনপির সশস্ত্র লোকজন এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, সংঘর্ষের সময় এনসিপির অন্তত ৮টি মোটরসাইকেল লুট করা হয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসাধীন।
অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দরবেশ বাজার এলাকার বালু ব্যবসায়ী জাকের ব্যাপারী ও ইঞ্জিনিয়ার তানবিরের লোকজন স্থানীয়দের দাবির মুখে বালু পরিবহনে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করছিল। এ সময় এনসিপির লোকজন ভিডিও ধারণ করে বিএনপির নেতা-কর্মীরা মাটি বিক্রি করছে এমন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়।
বিএনপির অভিযোগ, এ বিষয়ে প্রতিবাদ জানালে এনসিপি সমর্থিত লোকজন দরবেশ বাজার এলাকায় সড়কের বিভিন্ন মুরুব্বিদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে। এতে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে ধাওয়া দিলে পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় চানন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমানে এনসিপি নেতা নূর আলম রিপনের নেতৃত্বে এনসিপির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা সারওয়ার ও প্রতিবন্ধী সাইফুল ইসলাম সারুকে আহত করে।
ঘটনার বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, 'রাস্তা কাটার মাধ্যমে ইট-বালু বিক্রির প্রতিবাদ করতে গিয়ে আমাদের নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এতে এনসিপির একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।'
এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি প্রার্থী মো. মাহবুবুর রহমান শামীম বলেন, 'বিএনপির সম্মানহানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে। সেখান থেকেই উদ্দেশ্যপ্রণোদিত হামলার ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।'
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, 'খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
সাকিব/রিফাত/