জামিননামা ছাড়াই ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
তবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঘটনাটির সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় কারাগারের ভেতরে-বাইরে আলোচনা-সমালোচনাসহ তোলপাড় সৃষ্টি হয়েছে। এতে কারা কর্তৃপক্ষের দায়িত্ব পালনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনাটি সত্য। কারাগারের কর্মকর্তা ভুল করে কারাগার থেকে আসামিদের মুক্তি দিয়েছেন। এটি ‘ভুলমুক্তি’ (ভুল করে মুক্তি)। তবে ঘটনাটি সম্পর্কে পরে সবকিছু জানানো হবে।’
পরে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওই তিনজন হত্যা মামলার আসামি ছিলেন। প্রোডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জাকারিয়া ইমতিয়াজ আমাদের জানিয়েছেন, ভুল করে অসতর্ক অবস্থায় আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঠিক কারণ উদঘাটন করবে তদন্ত কমিটি। যে বা যেসব কর্মকর্তার এর সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কামরুজ্জামান/এসজি/