পাওনা টাকা চাইতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ পাছপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র হিরণ মিয়ার স্ত্রী রানু বেগম ওরফে রানী মুখার্জি (৪০)।
নিহতের স্বামী হিরণ জানান, গাজীপুর মহানগরের গাছা থানার দুলাল মার্কেটে রাণী ফ্যাশন গ্যালারি নামে একটি কাপড়ের ব্যবসা ছিলো নিহত রানীর।
জানা যায়, ওই নারীর বাবার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট এলাকায়। তিনি গাজীপুর মহানগরের গাছা থানার দুলাল মার্কেট এলাকায় ব্যবসা করতেন। কমলেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে ৩৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিক ইসলাম স্বপনের কাছে দেড় লাখ টাকা পাওনা ছিলেন রাণী।
পাওনা টাকা চাওয়ায় গত শনিবার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ওই নারীকে নির্মমভাবে কোপায় সাবেক ছাত্রদল নেতা স্বপন। মাকে বাঁচাতে ছেলে হৃদয় (২২) ঢাল হিসেবে দাঁড়ালে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে হৃদয় তার মায়ের হত্যাকারীর ফাঁসি দাবি করেন।
স্বামী হিরণ মিয়া জানান, ময়নাতদন্ত শেষে দুলাল মার্কেট কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
এ ঘটনায় ওই রাতেই ময়মনসিংহের ভালুকা থেকে ঘাতক আশিক ইসলাম স্বপনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাছা মেট্রো থানার ওসি মনিরুজ্জামান।
এ হত্যাকাণ্ডের ঘটনায় স্বামীর বাড়ি মাইজবাগ পাছপাড়ায শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী এমন নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।
ফয়সল/মাহফুজ