খাগড়াছড়ি আসনের বেশ কয়েকটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জানিয়েছেন চার প্রার্থী। গত বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খাগড়াছড়িতে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি আসনের বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। এ সময় গণধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা এবং ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খাগড়াছড়ি আসনের মোট ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ এবং ৬৮টি কেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ বা রেড মার্ক কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চার প্রার্থীর অভিযোগ, পাহাড়ি অঞ্চলের দুর্গমতা ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে কিছু সশস্ত্র সংগঠন ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। কোথাও কোথাও ভোটারদের প্রভাবিত করা, হুমকি দেওয়া এবং প্রচারে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।
তারা আরও বলেন, অতীতের নির্বাচনগুলোতে পাহাড়ের কিছু সংগঠন ক্ষমতাসীনদের পক্ষে কাজ করেছে এবং এবারও একই ধরনের অপতৎপরতার আশঙ্কা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টাও চলছে বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন, নিয়মিত মোবাইল টহল জোরদার এবং নির্বাচন-পূর্ব সময় থেকেই কেন্দ্রভিত্তিক নিরাপত্তা-বলয় গড়ে তোলার দাবি জানানো হয়। একই সঙ্গে হেডম্যান, কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।