ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা দোকানের তালা ভেঙে ১ হাজার ৪৪০ ক্যান বাংলাদেশি বিয়ার জব্দ আজ বিশ্ব সংগীত দিবস সৃজনশীল অর্থনীতি: বাংলাদেশের নতুন প্রবৃদ্ধির সম্ভাবনা ইতিহাসের পাতায় তিউনিসিয়া-জাপান ম্যাচ: ফুটবল বিশ্বকাপের ১০০০তম লড়াই ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা উত্তরের ৪ জেলায় বন্যার শঙ্কা, আগামী ৭২ ঘণ্টায় বাড়তে পারে নদ-নদীর পানি আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : ডা. শফিকুর রহমান স্পেনের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দেয়াল হয়ে দাঁড়ালেন এলোয় রুম: কুরাসাও গোলরক্ষকের বিশ্বরেকর্ড ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে জাকার্তা টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত উখ্যাইংওয়ংয়ের সাম্বা সাম্বা সাম্বা, ফিরে এল সাম্বা নৃত্য ২১ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ড্রাগন-মাল্টার বাগান গড়ে সফল প্রবাসফেরত সাদেক ২১ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ন্যায়বিচারের অপেক্ষায় কারাবন্দি এক ম্যাজিস্ট্রেট যশোরে জাপার ২৫ নেতার পদত্যাগ বগুড়ার প্রত্নতাত্ত্বিক এলাকায় অবকাঠামো নির্মাণ রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট নারায়ণগঞ্জের হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি শতাধিক লেবার এমপি-মন্ত্রীর ইসলামী ব্যাংক দখলের চেষ্টা হলে সরকারবিরোধী আন্দোলন হবে: জামায়াত নেতা নুরুল ইসলাম যুক্তরাষ্ট্র-ইতালি উত্তেজনা ট্রাম্পের মন্তব্যে চটেছেন মেলোনি প্লেগের জীবাণু আবিষ্কার ইকুয়েডরকে রুখে দিয়ে বিশ্বকাপ ফুটবলে প্রথম পয়েন্ট অর্জন করল কুরাসাও এক যুগ পেরোলেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি আয়াজ হত্যা মামলা আওয়ামী লীগ কার্যালয় চাঁদাবাজদের আস্তানা! বিশ্বকাপের হাজারতম ম্যাচে নামছে জাপান-তিউনিসিয়া তারকাসমৃদ্ধ বেলজিয়ামের সামনে সংগঠিত ইরান

নির্বাচিত হলে স্টেডিয়াম, মহিলা কলেজ ও ৫০০ শয্যার হাসপাতালের প্রতিশ্রুতি নুর আহমদ আনোয়ারীর

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম
নির্বাচিত হলে স্টেডিয়াম, মহিলা কলেজ ও ৫০০ শয্যার হাসপাতালের প্রতিশ্রুতি নুর আহমদ আনোয়ারীর
সোমবার টেকনাফে নুর আহমদ আনোয়ারীর জনসভায় হাজার হাজার মানুষের ঢল নামে এবং পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ছবি: খবরের কাগজ

টেকনাফে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের উদ্যোগে এক ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী নির্বাচিত হলে টেকনাফে একটি আধুনিক স্টেডিয়াম, মহিলা কলেজ, ৫০০ শয্যার হাসপাতাল স্থাপনসহ বৈধ ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, নির্বাচিত হলে অগ্রাধিকারভিত্তিতে টেকনাফ স্থলবন্দর চালু, শাহপরীরদ্বীপ করিডোর বাস্তবায়ন, টেকনাফ পৌরসভা আধুনিকায়ন, স্থায়ী স্টেডিয়াম নির্মাণ, নাফ নদী ব্যবস্থাপনা, টেকনাফ কলেজে অনার্স কোর্স চালু, পাইলট উচ্চ বিদ্যালয় সরকারীকরণ, টেকনাফে মহিলা কলেজ স্থাপন, দমদমিয়া-সেন্টমার্টিন ঘাট চালু, খাস জমিতে অবৈধভাবে বসবাসকারীদের সরকারীকরণ, টেকনাফে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন এবং ট্যুরিজম পার্ক চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ, মাদক ও অপহরণ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এক বছরের মধ্যেই উখিয়া-টেকনাফের সার্বিক চিত্র বদলে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কান্নাজড়িত কণ্ঠে নুর আহমদ আনোয়ারী বলেন, তিনি এই এলাকারই সন্তান এবং জন্ম থেকে টেকনাফে বসবাস করছেন। দীর্ঘ ২২ বছর ধরে হোয়াইক্যং ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। মাদ্রাসায় শিক্ষকতা ও অধ্যক্ষের দায়িত্ব পালন করে এলাকার শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছেন। অতীতের মতো ভবিষ্যতেও উখিয়া-টেকনাফের মানুষের অধিকার আদায় ও সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান।

তিনি আরও বলেন, রাজনীতিকে তিনি ক্ষমতার মাধ্যম হিসেবে নয়, বরং জনগণের সেবার মাধ্যম হিসেবে দেখেন। জনগণের ভোটে এমপি নির্বাচিত হলে উখিয়া ও টেকনাফের প্রতিটি এলাকাকে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তর করতে কাজ করবেন। এ লক্ষ্যে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের জন্য সবার দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট কামনা করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে উখিয়া-টেকনাফ সিন্ডিকেটমুক্ত হবে। ঐক্যবদ্ধভাবে অপশাসনের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ এসেছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এই সর্বশেষ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জনসভায় হাজার হাজার মানুষের ঢল নামে এবং পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

মিছিল ও জনসভায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে টেকনাফ শহর। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা রফিকুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার ও টেকনাফ পৌর জামায়াতের সভাপতি রবিউল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন (অনলাইনে) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিবগাতুল্লাহ ছিবগা, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট একেএম শাহজালাল চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, শাহপুরী গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান ইয়াহিয়া, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শ্রমিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

শাহীন/মাহফুজ

দোকানের তালা ভেঙে ১ হাজার ৪৪০ ক্যান বাংলাদেশি বিয়ার জব্দ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
দোকানের তালা ভেঙে ১ হাজার ৪৪০ ক্যান বাংলাদেশি বিয়ার জব্দ
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ১ হাজার ৪৪০ ক্যান বাংলাদেশি বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

তবে এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত আমির হামজা প্রকাশ মিলন (৩২) পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শনিবার (২০ জুন) রাত ১১ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পানবাজার এলাকায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত হাজী আব্দুল করিম মার্কেটের ‘এস এস মোবাইল মিডিয়া অ্যান্ড ডিজিটাল স্টুডিও’ নামের একটি দোকানের পেছনের অংশে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দোকানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেলে উপস্থিত সাক্ষীদের সামনে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। এ সময় দোকানের মেঝেতে রাখা ২০টি কার্টনের মধ্যে প্রতি কার্টনে ৭২ ক্যান হিসেবে মোট ১ হাজার ৪৪০ ক্যান বাংলাদেশে উৎপাদিত ‘হান্টার ৫%’ বিয়ার জব্দ করা হয়।

তবে অভিযুক্ত আমির হামজা প্রকাশ মিলন ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে তাদের ‘শূন্য সহনশীলতা’ নীতি অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, দোকানটির মালিক সেবক পালের কাছ থেকে উপ-ভাড়া নিয়ে আমির হামজা প্রকাশ মিলন দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বিয়ার সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

মো. শাহীন/অন্তরা/

টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত উখ্যাইংওয়ংয়ের

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৫২ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৮:৫৩ এএম
টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত উখ্যাইংওয়ংয়ের
ছবি: খবরের কাগজ

বান্দরবানের দুর্গম এলাকার মেধাবী শিক্ষার্থী উখ্যাইংওয়ং মারমা। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু চরম দারিদ্র্য তার উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ভর্তি ও প্রাথমিক খরচের জন্য এখন তার জরুরি আর্থিক সহায়তা প্রয়োজন।

জানা গেছে, উখ্যাইংওয়ং মারমা বান্দরবানের রুমা উপজেলার দুর্গম চান্দা হেডম্যানপাড়া গ্রামের বাসিন্দা। সীমিত আয়ের পরিবারে জন্ম নেওয়া এই শিক্ষার্থী ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। জীবনের অনেকটা সময় তিনি সরকারি শিশু সদনে থেকে পড়াশোনা চালিয়ে গেছেন। প্রতিকূল পরিবেশ সত্ত্বেও তিনি কখনো শিক্ষা অর্জনের স্বপ্ন থেকে সরে যাননি।

উখ্যাইংওয়ং জানান, ২০২৩ সালে ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৬১ অর্জন করেন। পরে ২০২৫ সালে হাটহাজারী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হন। ধারাবাহিক এই সাফল্যের ফল হিসেবে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধাতালিকায় ৩৫৩৯তম স্থান অর্জন করেন ও বিবিএ (মার্কেটিং) বিভাগে ভর্তির সুযোগ পান। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি, আবাসন, যাতায়াতসহ প্রাথমিক খরচ মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকার প্রয়োজন তার। দরিদ্র পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই এখনো তিনি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেননি।

কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উখ্যাইংওয়ং। তিনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে নিজের মেধা আর পরিশ্রমের ওপর ভর করে এতদূর এসেছি। কিন্তু এখন অর্থের অভাবে যদি ভর্তি হতে না পারি, তাহলে শুধু আমার নয়, আমার বাবা-মায়েরও বহুদিনের স্বপ্ন ভেঙে যাবে। আমি চাই পড়াশোনা করে সমাজ ও দেশের জন্য কিছু করতে।’
 
স্থানীয় সচেতন মহল মনে করেন, উখ্যাইংওয়ং মারমার মতো মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবিক মানুষের নৈতিক দায়িত্ব। সামান্য আর্থিক সহায়তা একটি মেধাবী তরুণের জীবন বদলে দিতে পারে ও তাকে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

উখ্যাইংওয়ং মারমা তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সমাজের হৃদয়বান ব্যক্তি, দাতা সংস্থা ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। সময়মতো প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা না হলে তার উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যেতে পারে।

মেধা ও ইচ্ছাশক্তি থাকা সত্ত্বেও যেন অর্থের অভাবে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ হারিয়ে না যায়- এমনটাই প্রত্যাশা তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।

ড্রাগন-মাল্টার বাগান গড়ে সফল প্রবাসফেরত সাদেক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৪৭ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৮:৪৯ এএম
ড্রাগন-মাল্টার বাগান গড়ে সফল প্রবাসফেরত সাদেক
ছবি: ড্রাগন ফলসহ অন্যান্য ফলের চাষ করে সফল হয়েছেন কক্সবাজারের টেকনাফের জিনাপাড়া এলাকার জাফর সাদেক।

দীর্ঘ ১৬ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে আধুনিক ফল চাষের মাধ্যমে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন জাফর সাদেক। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জিনাপাড়া এলাকার বাসিন্দা। নিজের স্বপ্ন, শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি ড্রাগন, মাল্টা, পেয়ারা ও লেবুসহ বিভিন্ন ফলের বাগান গড়ে তুলে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।

জানা যায়, প্রবাস থেকে ফিরে ইউটিউবে বিভিন্ন কৃষিভিত্তিক ভিডিও দেখে আধুনিক ফলের বাগান গড়ে তোলার পরিকল্পনা করেন সাদেক। পরে তিনি কয়েকজন শ্রমিকের সহায়তায় প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে ড্রাগন ফল, মাল্টা, পেয়ারা, লেবুসহ বিভিন্ন ফল ও ফুলের চারা রোপণ করেন। প্রায় ১৭ মাসের নিবিড় পরিচর্যার পর বাগানে ফলন আসতে শুরু করে। বর্তমানে দুই বছর পূর্ণ হওয়ার আগেই অধিকাংশ গাছে ফল ধরেছে।

সরেজমিনে দেখা যায়, টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকায় সুফিয়া নুরিয়া মাদ্রাসার উত্তর পাশে প্রায় এক একর বর্গা নেওয়া জমিতে ড্রাগন, মাল্টা, পেয়ারা ও অন্যান্য ফলের চাষ করা হয়েছে। চারপাশে নেট বা ত্রিপল দিয়ে ঘেরা বাগানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। সারিবদ্ধভাবে রোপণ করা গাছগুলোতে এখন ফলের সমারোহ। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ বাগানটি দেখতে আসছেন। অনেকে ফল সংগ্রহও করছেন। ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

দর্শনার্থী রবিউল আলম বলেন, ‘ফেসবুকে দেখে জানতে পারি টেকনাফে একজন ব্যক্তি নিজ উদ্যোগে ড্রাগন, মাল্টা ও পেয়ারার বাগান গড়ে তুলেছেন। বন্ধুদের নিয়ে বাগানটি দেখতে এসেছি। বাগানটি পরিদর্শন করে আমি সত্যিই মুগ্ধ হয়েছি।’

আরেক দর্শনার্থী আবদুল আজিজ বলেন, ‘টেকনাফে এমন একটি বাণিজ্যিক বাগান গড়ে উঠবে, তা কল্পনার বাইরে ছিল। টেকনাফের উর্বর মাটি এ ধরনের উদ্যোগ সফল হওয়ার বড় সম্ভাবনা তৈরি করেছে।’

বাগানের মালিক মৌলভী জাফর সাদেক জানান, প্রায় তিন কানি জমি ১০ বছরের জন্য বর্গা নিই। প্রতি কানির জন্য ৫০ হাজার টাকা দিয়েছি। এর পর প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন ফল ও ফুলের চারা রোপণ করি। দীর্ঘ ১৭ মাস পরিচর্যার পর বাগানে ফলন আসতে শুরু করে। বর্তমানে অধিকাংশ গাছে ফল এসেছে।

তিনি বলেন, ‘গত কয়েক মাসে ড্রাগনসহ বিভিন্ন ফল বিক্রি করে তিন লাখ টাকার বেশি আয় করেছি। ড্রাগন ফল প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি করেছি। আমার বাগানের সব ফলই সম্পূর্ণ রাসায়নিকমুক্ত, নিরাপদ ও সুস্বাদু। আমার লক্ষ্য ছিল নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তবে স্থানীয় অনেক মানুষ এখনো কৃষিকাজে আগ্রহ দেখান না।’

কৃষি বিভাগের সহযোগিতা প্রসঙ্গে সাদেক অভিযোগ করে জানান, কৃষি অফিস থেকে তিনি তেমন সহযোগিতা পাননি। ফোনে যোগাযোগ করা হলে তারা সমস্যার ভিডিও পাঠাতে বলত এবং কিছু পরামর্শ দিত। কিন্তু কখনো বাগান পরিদর্শনে আসেনি। এমনকি কৃষকদের জন্য ঘোষিত কৃষিকার্ডও এখনো হাতে পাইনি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘কৃষক জাফর সাদেকের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কৃষি বিভাগের কর্মকর্তারা তার বাগান পরিদর্শন করে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেবেন। আগামী জুলাই মাস থেকে কৃষকদের মধ্যে কৃষিকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। তখন নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সব কৃষককে কার্ড দেওয়া হবে।’

 

হাইকোর্টের নির্দেশ উপেক্ষা বগুড়ার প্রত্নতাত্ত্বিক এলাকায় অবকাঠামো নির্মাণ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৩৭ এএম
বগুড়ার প্রত্নতাত্ত্বিক এলাকায় অবকাঠামো নির্মাণ
বগুড়ার মহাস্থানগড়ে ঘর তৈরি জন্য ভিত্তি তৈরির কাজ চলছে। ছবি: খবরের কাগজ

বগুড়ায় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রত্নতাত্ত্বিক এলাকা মহাস্থানগড়ে হাইকোর্টের রায় ও পুরাকীর্তি সংরক্ষণ আইন উপেক্ষা করে নির্মিত হচ্ছে রাস্তাসহ নানা ধরনের স্থায়ী অবকাঠামো। প্রাচীন অবকাঠামো ভেঙে রাস্তা ও ঘর নির্মাণের বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানো হলেও নির্মাণকাজ বন্ধে কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় বাসিন্দারা জানান, মহাস্থান মাজারসংলগ্ন এলাকায় ইটের তৈরি একটি রাস্তা তিন মাস আগে নির্মিত হয়েছে। বর্তমানে সেখানকার মাজার চত্বর এলাকায় ঘর নির্মাণ চলছে। বগুড়ায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আঞ্চলিক কার্যালয় থেকে গত ১৭ জুন জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিতভাবে জানানো হলেও জেলা প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, ‘যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অবকাঠানো নির্মাণ হচ্ছে তাই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

১৯৬৮ সালের সংশোধিত পুরাকীর্তি আইনে বলা হয়েছে–তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস, অঙ্গহানি, এমনকি নিদর্শনে আঁচড় কাটাও দণ্ডনীয় অপরাধ। কিন্তু আড়াই হাজার বছরের পুরোনো মহাস্থান প্রত্নতাত্ত্বিক সাইটে মাজারসংলগ্ন এলাকা খনন করে রাস্তা এবং ঘর নির্মাণ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মহাস্থান মাজারসংলগ্ন এলাকায় নতুন ঘর তৈরির কাজ তদারকি করছেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বাচ্চু। তিনি জানান, মাজারভক্ত নারী-পুরুষের জন্য এ ঘর তৈরির কাজে সহযোগিতা করছে স্থানীয় উপজেলা প্রশাসন আর আর্থিক সহযোগিতা করছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

কত টাকা ব্যয়ে এই ঘর তৈরি হচ্ছে–প্রশ্নের উত্তরে সাইফুল ইসলাম বাচ্চু বলেন, ‘সেটি আমার জানা নেই, তবে যতটুক জেনেছি পুরো টাকাই সংগ্রহ করে দিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।’ এ ছাড়া মাজারে মিষ্টি বিক্রেতা মো. মাসুদ মিয়া জানান, প্রায় তিন মাস আগে মাজারসংলগ্ন এলাকায় রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে। কত টাকায় রাস্তা নির্মাণ করা হয়েছে? এ প্রশ্নের উত্তরে মাসুদ মিয়া বলেন, ‘আমাদের মতো সাধারণ মানুষের কাছে এ তথ্য নেই। তবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম টাকা দিয়েছেন এতটুকুই জানি। রাস্তাটি নির্মাণ করায় উপকার হয়েছে। বৃষ্টির সময় এ রাস্তায় চলাফেরা করতে খুব কষ্ট হতো, কিন্তু এখন আর সেই সমস্যা নেই।’

প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্মকর্তারা জানান, সংরক্ষিত এ প্রত্নস্থলে যেকোনো অবকাঠামো নির্মাণের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার কথা থাকলেও এখানে সেটি করা হয়নি। অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া নির্দেশনাকে অবজ্ঞা করা হয়েছে, এ ছাড়া মানা হয়নি পুরাকীর্তি সংরক্ষণ আইনও।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানকে হাইকোর্টের নির্দেশ ও পুরাকীর্তি সংরক্ষণ আইন লঙ্ঘন করে প্রত্নস্থলে অবকাঠামো নির্মাণের বিষয়ে প্রশ্ন করা হয়।

তিনি বলেন, ‘হাইকোর্টের রায়ের বাইরে গিয়ে কোনো অবকাঠামো নির্মাণের সুযোগ নেই। তাই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ অবকাঠামো তৈরির কাজ বন্ধ করা হবে।’ কিন্তু গতকাল শনিবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে ঘর নির্মাণের কাজ চলছে এবং কাজ বন্ধ করার নির্দেশনাও দেওয়া হয়নি। 

গত শতাব্দীর শেষ দিকে বাংলাদেশ ও ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকরা মহাস্থানগড়ের এই প্রত্নতাত্ত্বিক এলাকায় খনন করে প্রায় ২ হাজার ৪০০ বছরে পুরোনো মাটির চুলাসহ গুরুত্বপূর্ণ অনেক নিদর্শন পান। মৌর্যপূর্ব, মৌর্য, গুপ্ত, পাল, সেন ও মুসলিম শাসনামলের নানা ধরনের নির্দেশনার ভান্ডার এই প্রত্নতাত্ত্বিক এলাকা। এখানে আগে খনন করে স্থায়ী অবকাঠামো নির্মাণের চেষ্টা করলে উচ্চ আদালত সেটি বন্ধের নির্দেশ দেন। ওই মামলার রায়ে ২০১২ সালে হাইকোর্ট প্রত্নতাত্ত্বিক এলাকাটি রক্ষায় বেশ কিছু নির্দেশনা দেন। ওই রায়ের নির্দেশনা অনুযায়ী এলাকাটি রক্ষায় উদ্যোগ নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন।

নারায়ণগঞ্জের হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৩৬ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
নারায়ণগঞ্জের হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা
ছবি: হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

কুকুর-বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে জলাতঙ্কের টিকা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন নারায়ণগঞ্জের বাসিন্দারা। জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালে টিকা না থাকায় সবাইকে যেতে হচ্ছে সদর জেনারেল হাসপাতালে। কিন্তু সেখানেও রয়েছে প্রতিষেধকের সংকট। ফলে অনেক রোগীকে বাইরে থেকে চড়া দামে টিকা কিনতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি সরবরাহ কম থাকায় জেলার স্বাস্থ্যসেবায় চাপ বাড়ছে, পাশাপাশি বাড়ছে রোগীদের দুর্ভোগ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর থেকে সরকারিভাবে জলাতঙ্ক রোগের প্রতিষেধক ভ্যাকসিন আসেনি। শুধু ব্যক্তি উদ্যোগ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এক হাজার ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। অথচ গত বৃহস্পতিবার (২০ জুন) ২৯৭ জন কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত রোগী টিকা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত চার মাসে ৪ হাজার ৬৫৩ জন রোগী সদর জেনারেল হাসপাতালের টিকা বিভাগে জলাতঙ্কের টিকার জন্য নাম লিপিবদ্ধ করেছেন। এর মধ্যে জানুয়ারি মাসে ১ হাজার একজন, ফেব্রুয়ারিতে ৬৬০ জন, মার্চে ৭০৭ জন, এপ্রিলে ১৭৭০ জন এবং মে মাসে ১৪১৫ জন মানুষ জলাতঙ্কে আক্রান্ত হয়েছেন। কিন্তু র‌্যাবিস ভ্যাকসিনের সরবরাহ না থাকায় বেশির ভাগ রোগীকেই নিজ খরচে টিকা নিতে হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগে টিকা নিতে আসা রোগীরা জানান, প্রতিদিন অনেক রোগী টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। অনেককে নিজ খরচে টিকা কিনতে হচ্ছে। বিনামূল্যের এই টিকা বাইরে থেকে প্রতি ডোজ প্রায় ৫০০ থেকে ৬০০ টাকায় কিনতে হচ্ছে। এতে ভোগান্তি ও উদ্বেগ দুটোই বাড়ছে। উপজেলা হাসপাতালে টিকা না থাকায় রোগীদের সদর হাসপাতালে আসতে হচ্ছে। এতে সময়মতো চিকিৎসা পাওয়ার ঝুঁকিও তৈরি হচ্ছে।

নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের টিকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) সিনিয়র স্টাফ নার্স শিবানি বিশ্বাস বলেন, ‘র‌্যাবিস টিকার সরকারি সরবরাহ পাঁচ মাসের বেশি সময় ধরে বন্ধ। কিন্তু আক্রান্তদের ডোজ প্রদান জরুরি। এমন অবস্থায় রোগীরা টিকা সংগ্রহ করে নিয়ে আসেন। রোগীর চাপ বেশি থাকলে তিনজনকে একত্রিত হয়ে ভ্যাকসিন কেনার পরামর্শ দেওয়া হয়। কারণ একটি ভ্যাকসিনে তিনটি ডোজ থাকে।

তিনি আরও বলেন, হাসপাতালে যখনই যে পরিমাণ ভ্যাকসিনের সরবরাহ আসছে, তা রোগীদের মধ্যে বণ্টন করা হচ্ছে। তবে টিকা না পেয়ে অনেক সময় রোগীর স্বজনরা নার্সদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

টিকা সংরক্ষণাগারের ভাণ্ডার রক্ষক নোমান ভূইয়া জানান, গত বছরের ২২ নভেম্বর থেকে সরকারি সরবরাহের র‌্যাবিস টিকা আসা বন্ধ রয়েছে। অনুদানের ২৩৯টি ভ্যাকসিন আগামী মঙ্গলবার পর্যন্ত সময়ের জন্য মজুত রয়েছে। সে হিসেবে মাত্র ৯৫৬ জন তা পাবেন। অথচ গত এপ্রিল মাসেই নতুন ও পুরোনো রোগী মিলিয়ে ৬ হাজার ৭১১ টিকা আক্রান্তদের দেওয়া হয়েছে। যার বেশির ভাগই রোগীরা নিজেরাই সংগ্রহ করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জহিরুল ইসলাম জানান, জলাতঙ্ক ভ্যাকসিনের সংকট শুরু হয় ২০২৫ সালের আগস্টে। তখন ৪০০০ ভায়াল চাহিদার বিপরীতে আসে মাত্র ৪০০ ভায়াল। এরপর ধীরে ধীরে সরবরাহ কমতে থাকে। দীর্ঘদিন সরকারি সরবরাহ বন্ধ থাকার পর এ মাসের শুরুতে কিছু ভ্যাকসিন আসা শুরু হয়েছে। তবে তা চাহিদার তুলনায় কম।

নারায়ণগঞ্জে জলাতঙ্ক (র‌্যাবিস) টিকার তীব্র সংকট নিয়ে সিভিল সার্জন মুশিয়ার রহমান জানান, জেলা পর্যায়ে টিকার সরবরাহ কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী ডোজ পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় পর্যায় থেকে চাহিদামতো বরাদ্দ পেলেই সদর হাসপাতালের সংকট কেটে যাবে। পাশাপাশি চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা সরবরাহ নিশ্চিত করা হবে। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন খানপুর ৩০০ শয্যার হাসপাতালেও টিকা সরবরাহের চেষ্টা চলছে।

তিনি বলেন, ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক হলেই এই সংকটের সমাধান হবে। টিকা সংগ্রহে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে কুকুর বা অন্য প্রাণীর কামড়ের শিকার রোগীদের চিকিৎসা চলমান রয়েছে। কোনো রোগী চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন, এমন অভিযোগ নেই।